পুজোর আগে নিম্নচাপের সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে তা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ তৈরি হলেও তার সরাসরি বা বড় কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে। মহালয়া থেকে শুরু করে পুজোর দিনগুলিতে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? সেই পূর্বাভাসও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
আবহবিদদ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, থাইল্যান্ড উপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি আগামী ১১ অক্টোবর নাগাদ আন্দামান সাগরে পৌঁছতে পারে। এরপর ১৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে সেটি উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোতে পারে। তবে এর জেরে পশ্চিমবঙ্গে বড় কোনও আবহাওয়াগত পরিবর্তনের আশঙ্কা নেই। তাই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
Weather Update: দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়া অর্থাৎ ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে ১৪ অক্টোবর থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও সামান্য হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কবে?
উত্তরবঙ্গে ১০ অক্টোবর মহালয়ার দিন দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এরপর ১৬ ও ১৭ অক্টোবর কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকার সম্ভাবনা।
পুজোয় এবার ১০ টাকায় নতুন জামা, বাংলায় চালু হলো ‘নমো শপিং মল’
কলকাতায় কেমন থাকবে পুজোর আবহাওয়া?
কলকাতা ও সংলগ্ন এলাকায় মহালয়া থেকে ১৩ অক্টোবর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। ১৪ থেকে ১৭ অক্টোবর আকাশে মেঘের পরিমাণ বাড়বে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১৮ থেকে ২২ অক্টোবর আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে পূর্বাভাস। (Weather Update)
সব মিলিয়ে, পুজোর শুরুতে কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরবর্তীতে আবহাওয়া অনেকটাই অনুকূল থাকতে পারে।










1 thought on “পুজোর আগে কি নিম্নচাপের ভ্রুকুটি? বৃষ্টিতে মাটি হবে আনন্দ? কী বলছে পূর্বাভাস?”
Comments are closed.