কলকাতায় দুর্গাপুজোয় সপ্তমীর সন্ধ্যায় নেমে এসেছে ভয়ঙ্কর বিপর্যয়। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত হয়েছেন বহু। এই আবহেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে বেশকিছু ভিডিয়ো। যা অন্তত ঘটনার দু থেকে তিনদিন আগের। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক দর্শনার্থী, বার বার বলছেন মণ্ডপে ঢোকার গেট অত্যন্ত সরু। ভিড়ের মধ্যে মন্ডপে ঢুকতে বেশ বেগ পেতে হচ্ছে তাঁদের। কোনও রকম বেঁকে মণ্ডপে ঢুকছেন দর্শনার্থীরা। সেই ভিডিয়োতে ওই দর্শনার্থীকে বলতে শোনা যাচ্ছে, “এতো ছোট গেট দিয়ে ঢোকা যায় নাকি, তৃতীয়া বলে ভিড় কম। সপ্তমী-অষ্টমীতে মানুষের ভিড় বাড়লে পদপিষ্টের মতো ঘটনা ঘটতে পারে।” যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান নিউজ পয়েন্ট (Chorbagan sarbojonin)।
পুজো উদ্যোক্তাদের অব্যবস্থার কথা তুলে ধরে ওই দর্শনার্থীরা আরও অভিযোগ করেন, “মণ্ডপে ঢোকার মূল গেট সরু হলেও তার পাশেই ভিআইপি গেট রয়েছে। সেই গেট বেশ বড় চওড়া। কেন সাধারণ মানুষে জন্য মণ্ডপে ঢোকার গেট এত সরু করা হলো?” এমন অনেক ভিডিয়োই ঘুরপাক খাচ্ছে সমাজমাধ্যমে। যা দেখে শিউড়ে উঠেন সাধারণ মানুষ। এখন প্রশ্ন একটাই, সাধারণ মানুষের এই অভিযোগের পরও কেন কোনও ব্যবস্থা নিলেন না পুজো উদ্যোক্তারা? এই অভিযোগের পরও কেন দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের সংকীর্ণ রাখলেন তাঁরা? কোথায় গাফিলতি ছিল তাঁদের? পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্তারা ঘুরে দেখেছেন এই মণ্ডপ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং উদ্বোধন করেছেন এই পুজো, তা হলে কেন কারও এই সরু প্রবেশপথ চোখে পড়ল না? এই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে (Chorbagan sarbojonin)।
Chorbagan sarbojonin: ঘটনার মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে
অন্যদিকে, ঘটনার সময়কার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, আয়োজকরা মাইকে ঘোষণা করে বলছেন, ‘মণ্ডপের দিকে কেউ আসবেন না, মণ্ডপ ভেঙে গিয়েছে। আপনারা বেরিয়ে যান’। তারপরই বিভ্রান্ত হয়ে একে অপরকে ধাক্কা দিতে দিতে এগিয়ে যাচ্ছেন দর্শনার্থীরা। সপ্তমীর প্রথম দিনের সন্ধ্যায় চোরবাগান পুজোর অপরিসর গলির এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ঘটনার পরই আয়োজকদের মাইকে বলতে শোনা যায়, ‘‘এগজ়িট গেট খুলে দাও। মণ্ডপের দিকে কেউ আসবেন না। মণ্ডপ পড়ে গিয়েছে। ভেঙে গিয়েছে, বেরিয়ে যান।’’ তারপরই হুড়োহুড়ি আরও বেড়ে যায়। কীভাবে একনিমিষে মৃত্যুকূপে পরিণত হয়ে উঠল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ, তা ভাবনার বাইরে।










