চোরবাগানের পুজোয় ভাঙচুর ও হামলার ঘটনায় পুজো কমিটির কর্তাদের গ্রেফতারির দাবি তুললেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, BJP-র দুই গোষ্ঠীর দখলদারির লড়াই থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের নয়, পুজো কমিটির মাথায় যাঁরা রয়েছেন, তাঁদেরও তদন্তের আওতায় আনতে হবে। একই সঙ্গে পুলিশের ভূমিকা, পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত এবং আহতদের চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজ থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি লোকসভার স্পিকার, বিজেপি এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সরব হয়েছেন কুণাল। (Kunal Ghosh)
চোরবাগান কাণ্ডে তদন্তের দাবি
কুণাল ঘোষের বক্তব্য, চোরবাগানের পুজোকে কেন্দ্র করে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের ভূমিকা খতিয়ে দেখা জরুরি। তাঁর প্রশ্ন, পুজো কমিটির প্রভাবশালী কর্তাদের কেন এখনও গ্রেফতার করা হয়নি? ফেস্টুনে যাঁদের নাম প্রচার করা হয়েছিল, তাঁদেরও তদন্তের আওতায় আনার দাবি জানান তিনি। তাঁর অভিযোগ, BJP-র দুই গোষ্ঠী দু’বার খুঁটিপুজো করেছিল। ডেকরেটার্সদের ভূমিকাও তদন্ত করে দেখা উচিত। চোরবাগানের পুজো রাজ্য সরকারের পুরস্কার পেয়েছিল কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল। তাঁর দাবি, পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের পিছনে কী কারণ ছিল তা খতিয়ে দেখতে হবে। তদন্তের সমস্ত তথ্য যেন বিশেষ তদন্তকারী দলের (SIT) চেয়ারপার্সনের কাছে পৌঁছয়, সেই দাবিও জানান তিনি। পাশাপাশি পুলিশ কমিশনারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেতা।(Kunal Ghosh)
লোকসভার স্পিকারকে নিশানা
দলবদলকারী সাংসদদের বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি করার অভিযোগে লোকসভার স্পিকারকে আক্রমণ করেন কুণাল। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টে কী হচ্ছে, তার জন্য স্পিকার কেন অপেক্ষা করবেন?(Kunal Ghosh) অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন এবং প্রয়োজনীয় তথ্যপ্রমাণও জমা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। স্পিকারের পদকে সম্মান করলেও, তাঁর অভিযোগ, বর্তমান স্পিকার দলবদলকারী সাংসদদের সুরক্ষা দিচ্ছেন।
বিরোধী দলগুলির ঐক্য নিয়ে বার্তা
কংগ্রেস ও বামফ্রন্টের সঙ্গে তৃণমূলের নীতিগত পার্থক্য রয়েছে বলে স্পষ্ট করেন কুণাল। তবে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া, ভোটে কারচুপি এবং ধর্মের নামে বিভাজনের মতো বিষয়ে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দলগুলির ইস্যুভিত্তিক ঐক্যকে সময়ের দাবি বলে ব্যাখ্যা করেন তিনি।CPIM এর পার্টি অফিস ও বুকস্টলে হামলার অভিযোগ নিয়েও সরব হন কুণাল। তাঁর বক্তব্য, রাজনৈতিক মত পার্থক্য থাকলেও কোনও দলের অফিস বা বুকস্টলে হামলা মেনে নেওয়া যায় না। সিপিএমের পাশে নৈতিক সমর্থন থাকবে বলেও জানান তিনি। তাঁর অভিযোগ, পুলিশ বিরোধী রাজনৈতিক দলের স্টল নিয়ে যতটা সক্রিয়, অপরাধীদের বিরুদ্ধে ততটা তৎপর নয়। দত্তপুকুরে ২০টি বন্দুক-সহ গাড়ি উদ্ধারের ঘটনাও এই প্রসঙ্গে উল্লেখ করেন তিনি। (Kunal Ghosh)
BJP ও শুভেন্দুকে আক্রমণ
BJP র বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করার অভিযোগ তুলে কুণাল বলেন, ‘ভাইপো’ বলে আক্রমণ করার আগে BJP নেতাদের ভাবা উচিত। তবে চোরবাগান কাণ্ডে নতুন কমিটির প্রভাবশালী সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তা জানতে চান কুণাল।অন্যদিকে, বিরোধী শিবিরের একাংশকে BJPর ‘বি-টিম’ বলে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকেই সেই অভিযোগের সমর্থন মিলেছে। তবে ফ্লোর টেস্টের প্রসঙ্গ তুলে শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ জানান কুণাল। তাঁর দাবি, ফ্লোর টেস্ট হলে তা গোপন ব্যালটে করতে হবে। কে কাকে ভোট দিচ্ছেন, তা যেন পুলিশ বা অন্য কেউ জানতে না পারেন। তাঁর মতে, এই চ্যালেঞ্জ গ্রহণ করলে রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হবে।
NCPI নিয়েও কটাক্ষ
NCPI কে ঘিরে কুণালের অভিযোগ, দলটি যাঁরা তৈরি করেছিলেন, তাঁদের আবেগ থাকলেও বর্তমানে সুবিধাবাদী রাজনীতিকদের একাংশ সেই মঞ্চ দখল করে নিয়েছেন। তাঁর দাবি, দলের নাম ব্যবহার করে হোর্ডিং দেওয়া হলেও সংগঠনের প্রকৃত অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। এ ছাড়াও, পুজোয় বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণ এবং প্রতিমা স্পর্শ নিয়ে বিধিনিষেধের বক্তব্যের বিরোধিতা করেন কুণাল। তাঁর মতে, এ ধরনের মন্তব্য সমাজে বিভাজন তৈরি করতে পারে। চোরবাগান কাণ্ড থেকে নজর ঘোরাতেই এই বিতর্ক তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। (Kunal Ghosh)









2 thoughts on “চোরবাগান কাণ্ডে কমিটির কর্তাদের গ্রেফতারির দাবি কুণালের, নিশানায় বিজেপি ও পুলিশ”
Comments are closed.