মুম্বইয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার হলেন ৩৩ বছরের এক র্যাপিডো চালক। ধৃতের নাম মহম্মদ হাসান আবু সরমাদ আখতার। তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে হিংসাত্মক মন্তব্য করা এবং সমাজমাধ্যমে উস্কানিমূলক পোস্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখা (ATS) গোপন সূত্রে খবর পেয়ে মুম্বইয়ের মাহিম মেট্রো স্টেশনের কাছে তাঁকে গ্রেফতার করে। (Mumbai Rapido Driver Arrested)
র্যাপিডো চালক ও আতর বিক্রেতার আড়ালে কাজের অভিযোগ
ATS-এর দাবি, আখতার মুম্বইয়ের মাহিম এলাকার বাসিন্দা। র্যাপিডো চালানোর পাশাপাশি তিনি আতর বিক্রি করতেন। তদন্তকারীদের অভিযোগ, এই কাজের আড়ালেই তিনি উগ্র মতাদর্শ প্রচার করতেন। পাকিস্তানের একটি গোয়েন্দা সংস্থার কার্যকলাপের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে সন্দেহ তদন্তকারীদের। অভিযোগ, আখতার টেলিগ্রামে ‘ইন্ডিয়ান মুসলিম’ নামে একটি গোষ্ঠীতে জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহারের বাবরি মসজিদ সংক্রান্ত অডিয়ো ক্লিপ ছড়িয়েছিলেন। এ ছাড়াও তিনি ‘আইবিএন ই কাসিম’ নামে পাকিস্তানের একটি উগ্রপন্থী টেলিগ্রাম চ্যানেলে যুক্ত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। (Mumbai Rapido Driver Arrested)
মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ
তদন্তকারীদের দাবি, আখতার এক্স এবং ইনস্টাগ্রামে বারবার উস্কানিমূলক পোস্ট করতেন। তাঁর পোস্টে জেহাদের ডাকও ছিল বলে অভিযোগ। সম্প্রতি মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে নিরাপত্তায় গাফিলতি নিয়ে একটি পোস্টে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মোদিকে নিয়েও একই ধরনের ঘটনার ইঙ্গিত দেন বলে অভিযোগ। আখতারের কাছ থেকে একটি রেডমি নোট ১৪ প্রো মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ATS। তাঁর সমাজমাধ্যমের কার্যকলাপ সংক্রান্ত ৩৯টি স্ক্রিনশটও তদন্তের জন্য সংগ্রহ করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানোর অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
প্রতিবেশীর দাবি, এমন কিছু ভাবেননি
আখতারের এক প্রতিবেশী সংবাদ সংস্থা IANS-কে জানিয়েছেন, গত সাড়ে তিন বছর ধরে ভাড়া বাড়িতে থাকতেন ধৃত। তাঁর কথায়, আখতারকে এলাকায় বসে থাকতে দেখেছেন এবং কথাও বলেছেন। আতর বিক্রির পাশাপাশি তিনি রাতে অন্য কোথাও কাজ করতেন বলেও জানান ওই প্রতিবেশী। তবে এমন ঘটনায় তাঁর নাম জড়াবে, তা কখনও ভাবেননি বলে দাবি করেন তিনি। একই সঙ্গে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন।
টাইগার শ্রফের বাড়িতে হামলার পর নজরে র্যাপিডো
সম্প্রতি মুম্বইয়ে অভিনেতা টাইগার শ্রফের উপর হামলার ঘটনার পর এই গ্রেফতারি তাৎপর্যপূর্ণ। ওই ঘটনায় অভিযুক্তদের একজনও র্যাপিডো চালক হিসেবে কাজ করতেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে শহরের অভিজাত এলাকায় বলিউড তারকাদের বাড়ির আশপাশে নজরদারি চালানোর অভিযোগ উঠেছিল। র্যাপিডো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি ১৪ অক্টোবরের পর থেকে তাদের প্ল্যাটফর্মে চালক হিসেবে সক্রিয় ছিলেন না। ঘটনার দিন তিনি র্যাপিডো পরিষেবা যাত্রী হিসেবে ব্যবহার করেছিলেন বলেও সংস্থার দাবি। প্রসঙ্গত, চলতি বছরের জুলাইয়ে জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত সন্দেহভাজন জঙ্গি মডিউলের তদন্তে গুজরাত ATS পাঁচ জনকে আটক করেছিল। (Mumbai Rapido Driver Arrested)











