জমির লিজ নিয়ে বিবাদ। অসমের গুয়াহাটিতে হোটেলের ভিতর চলল এলোপাথাড়ি গুলি। নিহত হোটেল মালিক সহ ৫ জন। জখম হয়েছেন ১ জন। সোমবার রাতে গুয়াহাটির বরা সার্ভিস এলাকার বিলাস ইন হোটেলে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে সাত রাউন্ড গুলি চলেছে। ধৃতের নাম ঘনকান্ত গগৈ। তার কাছ থেকেই উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও (Guwahati shooting)।
Guwahati shooting: নিহতের পরিচয়
পুলিশ সূত্রে খবর, নিহত ৫ জনের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছেন। তাঁরা হলেন হোটেলের মালিক হেলেনা ভরালী, তাঁর ভাই ভূদেব ভরালী, ছেলে দেবর্ষি কাশ্যপ, পুত্রবধূ রিনিকি কাশ্যপ এবং তাঁদের গাড়িচালক নারায়ণ দাস। আহত ব্যক্তির নাম সত্যেন্দ্র পাঠক। তিনি হোটেল দেখাশোনা করতেন। গুয়াহাটি পুলিশের কমিশনার পার্থসারথি মহন্তের বক্তব্য, নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য ছিলেন এবং পঞ্চমজন ছিলেন তাঁদের গ্রামেরই বাসিন্দা। আহত ব্যক্তিও একই গ্রামের বাসিন্দা (Guwahati shooting)।
কী ঘটেছিল?
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ৯টা নাগাদ গুয়াহাটির বরা সার্ভিস এলাকার বিলাস ইন হোটেলে এই ঘটনাটি ঘটে। এলোপাথাড়ি গুলির শব্দে আতঙ্ক ছড়ায় হোটেল চত্বরে। সেই সময় অনেকেই হোটেলের ভিতর ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও গুয়াহাটি পুলিশের কমিশনার পার্থসারথি মহন্ত। সেখান থেকে ৬ জনকে উদ্ধার করা হয়। তার মধ্যে ৫ জনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জমির লিজ নিয়ে বিবাদ। সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা। সূত্রের খবর, বিলাস ইন হোটেলের লিজ নেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিবাদ। অভিযুক্ত ঘনকান্ত গগৈ ওই হোটেলটি লিজ নিয়েছিলেন। হোটেলের মালিকপক্ষের সঙ্গে বিবাদের জেরেই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
কী জানালেন পুলিশ কমিশনার?
গুয়াহাটি পুলিশের কমিশনার পার্থসারথি মহন্ত জানান, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। গুলিবিদ্ধ হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনার এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ঘনকান্ত গগৈকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত .৩২ বোর লাইসেন্সপ্রাপ্ত একটি আগ্নেয়াস্ত্র।” তিনি আরও বলেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্ত যত এগোবে, ততই ঘটনার আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।











