রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

থামল CID-র শ্রষ্টার পথচলা, প্রয়াত পরিচালক বি পি সিং

Published on: October 27, 2026
---Advertisement---

টেলিভিশনের পর্দায় অপরাধীদের মুখোশ খুলে দিত যে মানুষটির সৃষ্টি, এ বার চিরতরে থেমে গেল তাঁরই পথচলা। জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক ‘CID’-র স্রষ্টা, পরিচালক ও প্রযোজক ব্রিজেন্দ্র পাল সিং ওরফে বি পি সিং প্রয়াত। মঙ্গলবার, ২৭ অক্টোবর সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। (B P Singh Death) তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। আগামী ২৮ অক্টোবর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। বি পি সিংয়ের মৃত্যুতে ভারতীয় টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। (B P Singh Death)

দূরদর্শনের ক্যামেরাম্যান থেকে ‘CID’-র স্রষ্টা

১৯৪৯ সালে উত্তরাখণ্ডের দেরাদুনে জন্ম বি পি সিংয়ের। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FATI) থেকে পড়াশোনা করেন তিনি। ১৯৭৩ সালে দূরদর্শনে সংবাদ ক্যামেরাম্যান হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তৈরি করেন রহস্য ও অপরাধভিত্তিক টেলিভিশন ছবি ‘সির্ফ চার দিন’। সেই ছবির গবেষণার সময় পুলিশি তদন্তের প্রতি তাঁর আগ্রহ বাড়ে। ছবিতে অভিনয় করেছিলেন নানা পাটেকর-সহ একাধিক শিল্পী। আশির দশকে দূরদর্শনের জন্য তৈরি করেন ‘এক শূন্য শূন্য’। পরে মারাঠি ধারাবাহিক নিয়েও কাজ করেন। তবে তাঁর পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয় ‘CID’। ১৯৯৮ সালে শুরু হওয়া এই ধারাবাহিক প্রায় দুই দশক ধরে দর্শকদের মন জয় করে। মুম্বইয়ের অপরাধ দমন শাখার তদন্তকে কেন্দ্র করে তৈরি এই ধারাবাহিক ভারতীয় টেলিভিশনের অন্যতম দীর্ঘস্থায়ী অনুষ্ঠান হয়ে ওঠে। (B P Singh Death)

পর্দার ডি সি পি চিত্রোলেও তিনি

শুধু নির্মাতা হিসেবেই নয়, অভিনয়েও দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন বি পি সিং। ‘CID’-এ ডি সি পি শমশের সিং চিত্রোলের চরিত্রে তাঁকে মাঝেমধ্যেই দেখা যেত। ২০০৪ সালের অক্টোবরে ধারাবাহিকটির একটি বিশেষ পর্ব ১১১ মিনিট ধরে একটানা শটে শুট করা হয়। এই কৃতিত্ব লিমকা বুক অফ রেকর্ডস এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়। ২০১০ সালে শুরু হয় ‘CID গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস’।

‘আহট’-সহ একাধিক জনপ্রিয় সৃষ্টি

১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সোনি টিভিতে চলা ভৌতিক ধারাবাহিক ‘আহট’-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর অন্যান্য কাজের মধ্যে রয়েছে ‘খাকি’, ‘অভয়’ এবং ‘সুপারকপস ভার্সেস সুপার ভিলেনস’। দীর্ঘ ২৪ বছরেরও বেশি সময় তাঁর সঙ্গে কাজ করা এক অভিনেতা তাঁকে অসাধারণ শিক্ষক ও পেশাদার মানুষ হিসেবে স্মরণ করেছেন।

অশোক পণ্ডিত বি পি সিংকে দক্ষ নির্মাতা, ঘনিষ্ঠ বন্ধু ও ভালো মানুষ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, ‘CID’ ও ‘আহট’-এর মতো ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনে যে ছাপ রেখে গিয়েছেন বি পি সিং, তা আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। তাঁর চলে যাওয়ায় শেষ হল একটি অধ্যায়, কিন্তু তাঁর সৃষ্টি থেকে যাবে দর্শকের স্মৃতিতে।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now