পুজোর পাস বিলি মামলায় ইডি দফতরে হাজিরা দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেন। বুধবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন তিনি। সঙ্গে বেশ কিছু নথিও নিয়ে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বিকেলে দফতর থেকে বেরোতেই তাঁকে গাড়িতে তোলে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। (Indranil Sen Arrested)
কী অভিযোগ ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে?
দুর্গাপুজোর পাস বিলিকে কেন্দ্র করে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউনেস্কোর নাম করে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রথমে এই ঘটনায় বউবাজার থানায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। পরে তদন্তের দায়িত্ব নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
একাধিকবার জিজ্ঞাসাবাদ
গত ২৯ সেপ্টেম্বর ইন্দ্রনীল সেনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে। পরদিন, ৩০ সেপ্টেম্বর ইডি দফতরে প্রায় আট ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ৭ অক্টোবর ফের সাড়ে ন’ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এরপর ১৬ অক্টোবর তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। এদিকে, তদন্তের মধ্যে আগাম জামিন ও আইনি সুরক্ষার জন্য আদালতের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রী। তবে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি। (Indranil Sen Arrested)
সিজিও কমপ্লেক্সে বাড়তি পুলিশ
বুধবার ইন্দ্রনীল সেনের হাজিরাকে কেন্দ্র করে সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ মোতায়েন করা হয়। দুপুরের দিকে বিধাননগর ও কলকাতা পুলিশের উপস্থিতি ঘিরে জল্পনা বাড়ে। বিকেলে ইডি দফতর থেকে বেরোতেই তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। তাঁকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। (Indranil Sen Arrested)












1 thought on “ইডির জিজ্ঞাসাবাদের পরেই পুলিশের পদক্ষেপ, গ্রেফতার ইন্দ্রনীল সেন”
Comments are closed.