দীপাবলির আগে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে উপকৃত হবেন দেশের ১.১৭ কোটিরও বেশি কর্মী ও পেনশনভোগী। নতুন হারের সুবিধা মিলবে ২০২৬ সালের ১ জুলাই থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য এটি দীপাবলির উপহার।
DA increased: ৬০ থেকে বেড়ে ৬৩ শতাংশ DA, কারা পাবেন সুবিধা?
কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় ৪৮.৫৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮.৭১ লক্ষ পেনশনভোগী। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণের হার ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হবে। অর্থাৎ, কর্মীদের মূল বেতনের উপর অতিরিক্ত ৩ শতাংশ হারে DA মিলবে। একইভাবে পেনশনভোগীদের মূল পেনশনের উপর বাড়বে DR।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা DA ও DR ২ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছিল। সেই সময় ভাতা ও ত্রাণের হার বেড়ে ৬০ শতাংশ হয়েছিল।
ইডির জিজ্ঞাসাবাদের পরেই পুলিশের পদক্ষেপ, গ্রেফতার ইন্দ্রনীল সেন
সরকারের অতিরিক্ত খরচ প্রায় ১০ হাজার কোটি টাকা
নতুন সিদ্ধান্ত কার্যকর করতে কেন্দ্রের বছরে অতিরিক্ত প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। সাধারণত মূল্যবৃদ্ধির প্রভাব থেকে সরকারি কর্মী ও পেনশনভোগীদের কিছুটা স্বস্তি দিতে বছরে দু’বার, জানুয়ারি ও জুলাই মাসে DA ও DR সংশোধন করে কেন্দ্র। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে সংসার চালানোর খরচও বাড়ে। সেই চাপ সামলাতেই এই ভাতা দেওয়া হয়।
তবে চলতি বছরে জুলাই মাস থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এই বৃদ্ধির ঘোষণা এল দীপাবলির ঠিক আগে। ষষ্ঠ ও পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের ক্ষেত্রে নতুন হারের বিস্তারিত তথ্য পরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।












1 thought on “সরকারি কর্মীদের দীপাবলি উপহার, ৩% DA বাড়ালো কেন্দ্র”
Comments are closed.