স্টিম রুমে বা সনায় বসে শরীরকে আরাম দিতে গিয়ে হঠাৎই মাথা ঘুরে যেতে পারে। চোখের সামনে ঝাপসা হয়ে আসতে পারে সব কিছু। এমনকি সাময়িকভাবে জ্ঞানও হারাতে পারেন কেউ। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে এসে এমনই অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। বরুণ ধাওয়ানের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। ( Sauna Fainting )
র্যাপিড ফায়ার রাউন্ডে করণ জোহর তাঁকে প্রশ্ন করেন, সারা আলি খান ও অনন্যা পাণ্ডের সঙ্গে সনায় আটকে পড়লে কী করবেন? উত্তরে জাহ্নবী জানান, স্টিম রুম বা সনাতে থাকলে তাঁর রক্তচাপ কমে যায়। ফলে তিনি অজ্ঞান হয়ে যেতে পারেন। তবে শুধু জাহ্নবী নন, সনা বা স্টিম রুমে গিয়ে অনেকেরই রক্তচাপ কমে যাওয়ার সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তাপমাত্রার কারণে শরীরের রক্ত চলাচল এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রক্রিয়ায় পরিবর্তন আসে। তার জেরেই দেখা দিতে পারে এই সমস্যা।
কেন কমে যায় রক্তচাপ?
সনায় প্রবেশ করলে শরীর নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে। সেই সময় ত্বকের কাছাকাছি রক্তনালিগুলি প্রসারিত হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ভ্যাসোডাইলেশন। এর ফলে রক্তচাপ কমে যেতে পারে। রক্তচাপ অতিরিক্ত কমে গেলে মস্তিষ্কে সাময়িক ভাবে রক্তের প্রবাহ কমে যায়। তখন মাথা ঘোরা, দুর্বল লাগা কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। ( Sauna Fainting )
কারা বেশি ঝুঁকিতে?
যাঁদের স্বাভাবিক ভাবেই রক্তচাপ কম, তাঁদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দিতে পারে। পাশাপাশি শরীরে জলের অভাব থাকলে অতিরিক্ত ঘামের কারণে রক্তের পরিমাণ কমে যায়। হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তি এবং রক্তচাপ কমানোর ওষুধ বা প্রস্রাব বাড়ানোর ওষুধ যাঁরা খান, তাঁদেরও সতর্ক থাকা প্রয়োজন। যাঁরা অতিরিক্ত গরম পরিবেশে অভ্যস্ত নন, তাঁদের ক্ষেত্রেও ঝুঁকি বেশি।
কী কী লক্ষণ দেখলে সতর্ক হবেন?
সনায় থাকার সময় মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা, বমি বমি ভাব, মাথাব্যথা কিংবা দাঁড়িয়ে থাকতে অসুবিধা হলে সতর্ক হতে হবে। কারও কারও ক্ষেত্রে হৃদ্স্পন্দন বেড়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। ( Sauna Fainting )
কী ভাবে এড়াবেন বিপদ?
সনায় যাওয়ার আগে ও পরে পর্যাপ্ত জল পান করা জরুরি। প্রথম দিকে অল্প সময়ের জন্য সনায় থাকা উচিত। মদ্যপান করে সেখানে যাওয়া এড়িয়ে চলতে হবে। বসে বা শুয়ে থাকার পর হঠাৎ উঠে দাঁড়ানোও ঠিক নয়। জ্বর, অসুস্থতা কিংবা শরীরে জলের অভাব থাকলে সনা ব্যবহার না করাই ভালো। মাথা ঘোরা, দুর্বলতা বা বমি বমি ভাব শুরু হলেই দ্রুত সেখান থেকে বেরিয়ে ঠান্ডা জায়গায় যেতে হবে। যাঁদের রক্তচাপ কম বা হৃদ্যন্ত্রের সমস্যা রয়েছে, তাঁদের সাউনা ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ( Sauna Fainting )












