SIR প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে? এবার নতুন করে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ রয়েছে। এক্ষেত্রে Form 6 জমা দিতে পারবেন সংশ্লিষ্ট ভোটাররা। কিন্তু Form 6 জমা দিলে উল্টে আইনি জটিলতায় পড়তে হবে না তো? – এই সংশয় দূর করতেই এবার বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। মঙ্গলবার এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কমিশন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) এই নির্দেশ পাঠানো হয়েছে।
Table of Contents
Form 6 জমা দিলেই হবে না আইনি পদক্ষেপ
কমিশনের নির্দেশ অনুযায়ী, SIR-এর সময় বা পরে যাঁদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা Form 6 জমা দিয়ে ফের নাম তোলার আবেদন করতে পারবেন। Form 6-এ প্রথমবার ভোটার তালিকায় নাম তোলার কথা উল্লেখ থাকলেও, শুধু সেই কারণে তাঁদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে জনপ্রতিনিধিত্ব আইন (Representation of the People Act)-এর ৩১ নম্বর ধারায় কোনও মামলা করা যাবে না।
দিল্লি হাইকোর্টের নির্দেশের উল্লেখ
এই সিদ্ধান্তের ক্ষেত্রে গত ১৪ অক্টোবর দিল্লি হাইকোর্টের একটি নির্দেশের কথাও উল্লেখ করেছে কমিশন। আদালত Form 6 জমা দিলে মিথ্যা ঘোষণা দেওয়া হবে বলে এক আবেদনকারীর আশঙ্কাকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছিল।
কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নির্দেশ?
তবে এক্ষেত্রে নির্দিষ্ট শর্ত রয়েছে। সংশ্লিষ্ট ভোটারের নাম অন্য কোনও লোকসভা বা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় ইতিমধ্যে নথিভুক্ত থাকা চলবে না। পাশাপাশি, তাঁর জমা দেওয়া ঘোষণাপত্রও আইন অনুযায়ী বৈধ হতে হবে। (From 6)
কমিশনের এই স্পষ্টীকরণে SIR-এর খসড়া তালিকা থেকে নাম বাদ পড়া পুরনো ভোটারদের পুনরায় তালিকায় নাম তোলার আবেদন করার ক্ষেত্রে আইনি আশঙ্কা অনেকটাই দূর হল।












