ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রচারে বিপুল বাজেট, প্রথম দিনে প্রত্যাশা পূরণে ব্যর্থ রামায়ণ

Published on: November 6, 2026
---Advertisement---

প্রথম দিনে বিশ্বজুড়ে প্রায় ১২৭.৫০ কোটি টাকার ব্যবসা করলেও প্রত্যাশিত ১০০ কোটি টাকার ঘরোয়া নেট সংগ্রহের লক্ষ্যে পৌঁছতে পারল না ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। বাণিজ্যিক সূত্রের হিসাব অনুযায়ী, ভারতে প্রথম দিনে ছবিটির নেট সংগ্রহ প্রায় ৬৪.৮৫ কোটি টাকা। এরই মধ্যে মহারাষ্ট্রের নবি মুম্বইয়ের সিওডসের সিনেপোলিস হলে ছবিটির IMAX 3D প্রদর্শন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ১,৫০০ টাকা খরচ করেও প্রত্যাশিত অভিজ্ঞতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা। প্রযুক্তিগত সমস্যার কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় ছবির প্রদর্শন। প্রথমে 3D ছাড়াই শুরু হয় সিনেমা। পরে 3D-তে প্রদর্শন শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই থামিয়ে দিতে হয় শো। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। (Ramayana IMAX 3D Screening Disrupted)

প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ

৫ নভেম্বর, দীপাবলির আগে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশ। ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে যথেষ্ট প্রত্যাশা ছিল। বাণিজ্যিক সূত্রের হিসাব অনুযায়ী, ২৫,২০০টি শো থেকে প্রথম দিনে ভারতে ছবিটির নেট সংগ্রহ প্রায় ৬৪.৮৫ কোটি টাকা। ট্রেড বিশেষজ্ঞদের একাংশের পূর্বাভাস ছিল, প্রথম দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করতে পারে ছবিটি। তবে সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি। প্রথম দিনের আয়ে হিন্দি সংস্করণের অবদান সবচেয়ে বেশি। সেখান থেকে এসেছে ৪৭.৫০ কোটি টাকা। ছবিটির বিশ্বব্যপী মোট আয় প্রায় ১২৭.৫০ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। রণবীর কাপুরের ২০২৩ সালের ছবি ‘অ্যানিম্যাল’-এর প্রথম দিনের ৬৩.৮০ কোটি টাকার নেট সংগ্রহকেও সামান্য ছাপিয়েছে ‘রামায়ণ’। (Ramayana IMAX 3D Screening Disrupted)

১,৫০০ টাকা খরচ করেও হতাশ দর্শক

কিন্তু নবি মুম্বইয়ের সিওডস এলাকার সিনেপোলিস হলে IMAX 3D শো দেখতে এসে সমস্যায় পড়েন একাধিক দর্শক। ‘অভি কা গ্রাম’ নামে একটি সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে এক কনটেন্ট ক্রিয়েটর ঘটনার ভিডিয়ো পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘রামায়ণ IMAX 3D-তে বড় সমস্যা। ১,৫০০ টাকা জলে গেল।’ ভিডিয়োতে দেখা যায়, সিনেমা হলের কর্মীদের সঙ্গে কথা বলছেন দর্শকরা। প্রদর্শনের সময় প্রযুক্তিগত সমস্যার অভিযোগ জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন তাঁরা।

মাঝপথে বন্ধ শো, ফেরতের আশ্বাস

ওই কনটেন্ট ক্রিয়েটরের দাবি, প্রথমে সিনেমাটি 3D ছাড়াই দেখানো হচ্ছিল। পরে 3D প্রদর্শন শুরু হলেও মাঝপথে সিনেমা থেমে যায়। তাঁর কথায়, অনেকেই ১,০০০ থেকে ২,০০০ টাকা খরচ করে IMAX 3D-তে ছবিটি দেখতে এসেছিলেন। অথচ শেষ পর্যন্ত প্রত্যাশিত অভিজ্ঞতা পাননি। হল কর্তৃপক্ষ টিকিটের পুরো টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। তবে টাকা ফেরত পেলেও সিনেমাটি IMAX 3D-তে দেখার যে পরিকল্পনা ছিল, তা পূরণ হয়নি। ভবিষ্যতে যাতে এমন সমস্যা না হয়, সে জন্য সিনেপোলিস কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানান তিনি।

৩ ঘণ্টা ১৫ মিনিটের ছবি

নমিত মালহোত্রা প্রযোজিত এই দুই পর্বের ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান এবং হান্স জিমার। মুক্তির আগে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ছবিটিকে U সার্টিফিকেট দিয়েছে। ছবির মোট দৈর্ঘ্য ১৯৫ মিনিট, অর্থাৎ ৩ ঘণ্টা ১৫ মিনিট। বড় বাজেট, তারকা সমাবেশ এবং বিপুল প্রচার সত্ত্বেও প্রথম দিনেই দর্শকদের একাংশের অসন্তোষ এবং হলের প্রযুক্তিগত সমস্যা ছবির প্রদর্শন ঘিরে নতুন করে প্রশ্ন তুলেছে। বক্স অফিসের পাশাপাশি দর্শকদের অভিজ্ঞতাও আগামী দিনে ছবিটির সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। (Ramayana IMAX 3D Screening Disrupted)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now