সিনেমা হলে ‘রামায়ণ’-এর কোনও দৃশ্য বা ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়ালে এবার কড়া আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে। ছবির কোনও অংশ অনুমতি ছাড়া রেকর্ড করা, আপলোড করা কিংবা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করেছেন ‘রামায়ণ পার্ট ১’-এর নির্মাতারা। ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেসেজিং অ্যাপে ছবির কিছু অংশের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে বলে দাবি তাঁদের। শুধু তাই নয়, ইতিমধ্যে যাঁরা এই ধরনের ভিডিয়ো পোস্ট করেছেন, তাঁদের সেগুলি মুছে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে। (Ramayana Movie Unauthorized Clips)
বম্বে হাই কোর্টের নির্দেশের উল্লেখ
নির্মাতাদের তরফে সমাজমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, সিনেমা হলের ভিতরে অনুমতি ছাড়া ছবির দৃশ্য রেকর্ড করে তা ছড়ানো হচ্ছে। এই ধরনের কাজ বন্ধ করতে বম্বে হাই কোর্টের দুটি নির্দেশের কথাও উল্লেখ করেছেন তাঁরা। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের ২ নভেম্বর এবং ৬ নভেম্বর বম্বে হাই কোর্ট কমার্শিয়াল IP Suit (L) No. ৩৭২৩৯০ অফ ২০২৬ মামলায় নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ অনুযায়ী, পরিচিত বা অপরিচিত কোনও ব্যক্তি অনুমতি ছাড়া ছবির কোনও অংশ রেকর্ড, আপলোড, শেয়ার কিংবা অন্য কোনও মাধ্যমে ছড়াতে পারবেন না। নির্মাতাদের দাবি, এই নির্দেশ অমান্য করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। পাশাপাশি কপিরাইট এক্ট , ১৯৫৭, সিনেমাটোগ্রাফ এক্ট ১৯৫২, বিএনএস, ২৯২৩ এবং IT অ্যাক্ট, ২০০০ অনুযায়ী অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। এর জন্য জেল ও জরিমানার মতো শাস্তির বিধান রয়েছে। এমনকী আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগেও পদক্ষেপ করা হতে পারে। (Ramayana Movie Unauthorized Clips)
ইতিমধ্যে পোস্ট করা ভিডিয়ো মুছে ফেলার নির্দেশ
নির্মাতারা স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের ভিডিয়ো তৈরি বা ছড়ানোর সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিযোগ জানানো হবে। কোনওরকম আগাম নোটিস ছাড়াই তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা করা হতে পারে। আদালত অবমাননার অভিযোগেও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। (Ramayana Movie Unauthorized Clips)
কারা অভিনয় করেছেন ‘রামায়ণ’-এ?
পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রার এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে রয়েছেন যশ। এছাড়াও হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে অভিনয় করেছেন। দুই পর্বে তৈরি এই ছবির প্রথম ভাগ ‘রামায়ণ পার্ট ১’ ২০২৬ সালের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এবার সিনেমা হলের ভিতরে ভিডিও রেকর্ডিং এবং সেই ক্লিপ ছড়ানো বন্ধ করতে কড়া অবস্থান নিলেন নির্মাতারা।













