ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কীভাবে শুরু ভাইফোঁটার রীতি? যম-যমুনার কাহিনি থেকে আজকের উৎসব, জানুন নিয়ম ও মাহাত্ম্য

Bhai Phota
---Advertisement---

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পর এবার বাঙালির ঘরে ঘরে ভাইফোঁটার আয়োজন। ভাই-বোনের সম্পর্কের ভালোবাসা, স্নেহ ও মঙ্গলকামনার এক বিশেষ উৎসব এই ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বোনেরা ভাই বা দাদার কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধি কামনা করেন। কিন্তু কয়েক হাজার বছরের পুরনো এই রীতির শুরু কীভাবে? কেনই বা এই বিশেষ দিনে কপালে চন্দন, দই কিংবা কাজলের ফোঁটা দেওয়া হয়? এর পিছনে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনি ও প্রচলিত বিশ্বাস।

Bhai Phonta 2026 History: যম-যমুনার কাহিনি থেকেই কি শুরু ভাইফোঁটা?

ভাইফোঁটার প্রচলন নিয়ে সবচেয়ে জনপ্রিয় কাহিনি হল যমরাজ ও তাঁর বোন যমুনাকে ঘিরে। লোকশ্রুতি অনুযায়ী, সূর্যদেব ও তাঁর স্ত্রী সংজ্ঞার যমজ সন্তান ছিলেন যম ও যমুনা। দীর্ঘদিন একে অপরের থেকে দূরে থাকার পর একদিন কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে যমুনার বাড়িতে আসেন যমরাজ। ভাইকে কাছে পেয়ে আনন্দে আপ্লুত হন যমুনা। নানা রকম খাবার দিয়ে আপ্যায়ন করার পর ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

বোনের ভালোবাসায় মুগ্ধ হয়ে যমরাজ তাঁকে বর দিতে চাইলে যমুনা প্রতিজ্ঞা করিয়ে নেন, প্রতি বছর এই দিনে ভাইকে তাঁর কাছে আসতে হবে। যমরাজও আশীর্বাদ করেন, যে ভাই এই তিথিতে বোনের বাড়িতে গিয়ে তাঁর আতিথ্য গ্রহণ করবেন, তাঁর অকালমৃত্যুর ভয় থাকবে না। এই কাহিনি থেকেই ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়ার প্রচলন হয়েছে বলে বিশ্বাস করা হয়।

কৃষ্ণ-সুভদ্রার কাহিনিও জড়িয়ে রয়েছে

ভাইফোঁটার সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণ ও তাঁর বোন সুভদ্রার কাহিনিও। কিংবদন্তি অনুযায়ী, নরকাসুরকে বধ করে দ্বারকায় ফিরলে সুভদ্রা প্রদীপ, ফুল ও মিষ্টি দিয়ে দাদা কৃষ্ণকে স্বাগত জানান। পাশাপাশি তাঁর কপালে বিজয় তিলক এঁকে দেন। অনেকে মনে করেন, এই ঘটনা থেকেই ভাইয়ের মঙ্গল ও সুরক্ষার কামনায় ফোঁটা দেওয়ার রীতি জনপ্রিয় হয়ে ওঠে।

লক্ষ্মী ও মহাবলির কাহিনিও রয়েছে

আর একটি পৌরাণিক কাহিনিতে রয়েছেন দেবী লক্ষ্মী ও অসুররাজ মহাবলি। কথিত আছে, বিষ্ণুকে পাতাল থেকে ফিরিয়ে আনতে লক্ষ্মী দরিদ্র নারীর ছদ্মবেশে মহাবলির কাছে যান। নিজের কোনও ভাই নেই জানিয়ে তাঁকে ভাই হিসেবে গ্রহণ করার অনুরোধ করেন। মহাবলি রাজি হয়ে তাঁকে বোনের মর্যাদা দেন। পরে উপহার হিসেবে লক্ষ্মী বিষ্ণুর মুক্তি চান। এভাবেই বিষ্ণু পাতাল থেকে ফিরে আসেন বলে প্রচলিত কাহিনিতে উল্লেখ রয়েছে।

ভাইফোঁটার নিয়মকানুন ও ফোঁটার মাহাত্ম্য

এই দিনে বোনেরা ভাই বা দাদাকে আসনে বসিয়ে কপালে ফোঁটা দেন। প্রচলিত রীতি অনুযায়ী, বাঁ হাতের কনিষ্ঠা বা কড়ে আঙুল দিয়ে ফোঁটা দেওয়ার চল রয়েছে। শাস্ত্রীয় ব্যাখ্যায় হাতের পাঁচটি আঙুলকে পঞ্চভূতের প্রতীক বলে মনে করা হয়। এর মধ্যে কনিষ্ঠা আঙুল আকাশ বা মহাশূন্যের প্রতীক। ভাই-বোনের সম্পর্কও আকাশের মতো অসীম ও উদার, এমন বিশ্বাস থেকেই এই রীতির প্রচলন বলে অনেকে মনে করেন।

ফোঁটা দেওয়ার জন্য চন্দন, দই ও কাজল ব্যবহার করা হয়। বিশ্বাস করা হয়, চন্দন মনকে শান্ত রাখে এবং একাগ্রতার প্রতীক। দইকে শুভ ও মঙ্গলজনক বলে মনে করা হয়। অন্যদিকে, কাজলের ফোঁটা কুনজর থেকে রক্ষা করে বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। অনেক বাড়িতে তিনবার ফোঁটা দেওয়ার রীতিও রয়েছে। সেই সঙ্গে মন্ত্র বা ভাইফোঁটার ছড়া বলে ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন বোনেরা। (Bhai Phonta 2026 History)

কবে ভাইফোঁটা, কখন শুভক্ষণ?

এ বছর অর্থাৎ ২০২৬ সালে ১১ নভেম্বর, বুধবার পালিত হচ্ছে ভাইফোঁটা। পঞ্জিকা অনুযায়ী, এদিন দুপুর ২টো ৯ মিনিটের মধ্যে সমস্ত আচার শেষ করার কথা বলা হয়েছে। দুপুর ১২টা ২৭ মিনিট থেকে ২টো ৯ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়ার সবচেয়ে শুভ সময়। অন্যদিকে, সকাল ৮টা ৩৫ মিনিট থেকে ৯টা ৫৭ মিনিট পর্যন্ত কালবেলার কারণে ফোঁটা না দেওয়ার পরামর্শ রয়েছে। তবে স্থানভেদে শুভক্ষণ ও কালবেলার সময়ের কিছুটা পার্থক্য হতে পারে।

ভাইফোঁটার পিছনে একাধিক পৌরাণিক কাহিনি থাকলেও মূল বার্তা একই। ভাই-বোনের মধ্যে ভালোবাসা, দায়িত্ববোধ, একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি এবং প্রিয়জনের মঙ্গল কামনাই এই উৎসবের আসল মাহাত্ম্য। তাই শুধু নিয়ম মেনে ফোঁটা দেওয়া নয়, সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করে তোলার দিনই এই ভাইফোঁটা।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now