(India vs New Zealand) নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই দ্বিতীয় আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে মাঠে নেমেছিল ভারত। কিন্তু অকল্যান্ডের পাঁচ গোলের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, ক্রাইস্টচার্চেও লজ্জার হার এড়াতে পারল না ব্লু টাইগার্স। রবিবার ওয়ান নিউ জিল্যান্ড স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ০-৩ গোলে হারল খালিদ জামিলের দল। অর্থাৎ, দুই ম্যাচে মোট আট গোল হজম করল ভারত।
Table of Contents
অধিনায়ক বদল, পাঁচ পরিবর্তন
(India vs New Zealand) প্রথম ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ফ্রেন্ডলিতে প্রথম একাদশে পাঁচটি পরিবর্তন করেন কোচ খালিদ জামিল। অধিনায়কত্বের দায়িত্ব অনিরুদ্ধ থাপার পরিবর্তে তুলে দেওয়া হয় রায়ান উইলিয়ামসের হাতে। রক্ষণে পরমবীর ও বিজয় ভার্গিসের জায়গায় সুযোগ পান মেহতাব সিং ও জয় গুপ্তা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল নিউ জিল্যান্ড। অন্যদিকে, বলের দখল ধরে রাখতে এবং প্রতিপক্ষের আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় ভারতকে।
প্রথমার্ধেই তিন গোলের ধাক্কা
(India vs New Zealand) ম্যাচের শুরু থেকেই ক্রিস উডকে সামনে রেখে একের পর এক আক্রমণ তুলে আনে নিউ জিল্যান্ড। ১২ মিনিটে জেসি র্যান্ডালের ক্রস থেকে হেড করলেও লক্ষ্যভ্রষ্ট হন উড। ২২ মিনিটে কর্নার থেকে গোলের দরজা খোলে নিউ জিল্যান্ডের। কালাম ম্যাককাউটের কর্নারে অরক্ষিত অবস্থায় হেড করে বল জালে পাঠান ফিন সারম্যান। বলটি আকাশ মিশ্রের গায়ে লেগে গোলে ঢোকে।
৪০ মিনিটে ব্যবধান বাড়ান জেমস ম্যাকগ্যারি। বাঁ দিকের কর্নার থেকে ছোট পাস পেয়ে বক্সের বাইরে থেকে প্রথমবারের শটে নিচের বাঁ কোণে বল পাঠান তিনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে আরও একবার ভারতের রক্ষণ ভাঙে নিউ জিল্যান্ড। ৪৪ মিনিটে ম্যাথিউ গারবেটের পাস থেকে জেসি র্যান্ডালের বাড়ানো বলে ফাঁকা জালে বল ঠেলে দেন অধিনায়ক ক্রিস উড।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে ব্যর্থ ভারত
বিরতির পরেও ছবিটা বিশেষ বদলায়নি। (India vs New Zealand) ৫৫ মিনিটে ম্যাককাউটের জোরালো শট ভালোভাবে বাঁচান পরিবর্ত গোলরক্ষক হৃতিক তিওয়ারি। ৫৮ মিনিটে লিস্টন, সুহেল, হামতে ও টোম্বা সিংকে মাঠে নামিয়ে আক্রমণে গতি আনার চেষ্টা করেন খালিদ। ৬৫ মিনিটে লিস্টনের ক্রস থেকে সুহেল কর্নার আদায় করেন। পরের মিনিটে মেহতাবের শট সহজেই আটকে দেন অ্যালেক্স পলসেন। শেষদিকে লিস্টনের একটি শটও লক্ষ্যে থাকেনি। ৮৫ মিনিটে অবশ্য বিজয় ভার্গিস গোললাইন থেকে বল ক্লিয়ার করে আরও একটি গোল বাঁচান।
কোথায় পিছিয়ে ভারত?
১২ নভেম্বর অকল্যান্ডে প্রথম ফ্রেন্ডলিতে ০-৫ গোলে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও তিন গোল হজম করায় দুই ম্যাচে গোলের ব্যবধান দাঁড়াল ০-৮। (India vs New Zealand) বারবার রক্ষণে ফাঁক, কর্নার সামলাতে ব্যর্থতা, প্রতিপক্ষের ক্রস আটকাতে না পারা এবং আক্রমণে কার্যকর ফিনিশিংয়ের অভাব ভারতীয় দলের বড় দুর্বলতা হয়ে উঠেছে।
খালিদ জামিলের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রক্ষণ সংগঠিত করা, সেট-পিস ডিফেন্সে উন্নতি এবং মাঝমাঠ থেকে আক্রমণে দ্রুত বল পৌঁছে দেওয়া। শুধু প্রথম একাদশে পরিবর্তন করলেই হবে না, প্রয়োজন কার্যকর কৌশল ও মাঠে তার সঠিক প্রয়োগ। পরপর দুই ম্যাচের এই হার ভারতীয় ফুটবলের প্রস্তুতি ও প্রতিযোগিতামূলক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।














