যে (Mustafizur Rahman) মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে তৈরি হয়েছিল তিক্ততা, সেই তাঁকেই ঘিরে এবার নতুন করে IPL-এর জল্পনা। ২০২৬ সালের T20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়ার বিতর্কিত অধ্যায়ের পর ফের IPL-এর নিলামে নাম লেখালেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। শুধু মুস্তাফিজুর নন, আরও একাধিক বাংলাদেশি ক্রিকেটার এবার IPL-এর মিনি নিলামে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে চলেছেন। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। সব মিলিয়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের বরফ গলার ইঙ্গিত মিলছে।
Table of Contents
BCB-কে চিঠি BCCI-এর, নিলামে মুস্তাফিজুর
IPL-এর নিয়ম মেনেই আসন্ন মিনি নিলামের আগে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কাছে ক্রিকেটারদের নাম চেয়ে চিঠি পাঠিয়েছে BCCI। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (BCB)। সূত্র অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় আয়োজিত হতে চলা IPL-এর মিনি নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন (Mustafizur Rahman) মুস্তাফিজুর রহমান। ১৭ নভেম্বর নাম নথিভুক্তির শেষ দিন।
নিলামে বাংলাদেশের একঝাঁক তারকা
(Mustafizur Rahman) মুস্তাফিজুরের পাশাপাশি এবার IPL-এর নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। এছাড়াও রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন এবং মিডল অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের এই উপস্থিতি নিলামের আকর্ষণ বাড়াতে পারে।
মুস্তাফিজুরকে ঘিরেই বিতর্কের সূত্রপাত
গত বছরের IPL নিলামে ২ কোটি টাকা বেস প্রাইস থেকে ৯.২০ কোটি টাকায় (Mustafizur Rahman) মুস্তাফিজুরকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। কোনও বাংলাদেশি ক্রিকেটারের IPL-এ সর্বোচ্চ দর ছিল সেটি। কিন্তু বাংলাদেশের ছাত্রনেতা উসমান হাদির হত্যাকাণ্ড এবং পরবর্তী ভারত-বিরোধী পরিস্থিতির জেরে চলতি বছরের জানুয়ারিতে BCCI-এর নির্দেশে মুস্তাফিজুরকে দল থেকে ছেড়ে দেয় KKR।
বিশ্বকাপ বয়কট থেকে সম্পর্কের নতুন সমীকরণ
এই সিদ্ধান্তের পর BCB ভারতে ২০২৬ সালের ICC T20 বিশ্বকাপ খেলতে নিরাপত্তার কারণ দেখিয়ে আপত্তি জানায় এবং শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি তোলে। ICC সেই দাবি না মানায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ। তাদের পরিবর্তে সুযোগ পায় স্কটল্যান্ড।
এই পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটারদের IPL-এ ফেরার সম্ভাবনা দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন বার্তা দিতে পারে। তবে নিলামে নাম নথিভুক্ত করা মানেই চূড়ান্তভাবে কোনও ক্রিকেটারের IPL-এ খেলার সুযোগ নিশ্চিত হওয়া নয়। এখন দেখার, ১৬ ডিসেম্বরের নিলামে বাংলাদেশের ক্রিকেটারদের ভাগ্যে কী অপেক্ষা করছে।














