বৃষ্টির পর্ব আপাতত শেষ। এবার ধীরে ধীরে বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে আবহাওয়ার সবচেয়ে বড় খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। অন্যদিকে, আগামী দু-তিন দিনের মধ্যে রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে সকাল ও সন্ধ্যায় শীতের হাল্কা আমেজ অনুভূত হবে।
Winter Season: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, কোন দিকে এগোবে নিম্নচাপ?
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবারের মধ্যে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে সেটি অতি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে বিভিন্ন আবহাওয়া মডেলে ইঙ্গিত মিলছে।
ভারতের মৌসম ভবনও বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরির বিষয়ে সতর্ক করেছে। যদিও নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। আবহাওয়ার বিভিন্ন মডেলের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় তৈরি হলে তার অভিমুখ হতে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আকভান’। এই নাম দিয়েছে ইরান।
এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে সিকিম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখাটিও আবহাওয়ার পরিবর্তনে প্রভাব ফেলতে পারে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবার থেকে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি আগামী দু-তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় শীতের হালকা আমেজ অনুভূত হবে। কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়া থাকবে বেশ মনোরম। সপ্তাহান্তেও এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও কমবে তাপমাত্রা
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সপ্তাহান্ত থেকে তাপমাত্রা ফের কমতে পারে। আগামী কয়েক দিনে পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি বাড়বে। (Winter Season)
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
কলকাতায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। তবে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা আরও কমলে সকাল ও সন্ধ্যায় আবহাওয়া বেশ আরামদায়ক থাকবে। যদিও দুপুরের দিকে সামান্য আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে।
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ থেকে ৯৬ শতাংশ।
সব মিলিয়ে বৃষ্টির পর্ব কাটিয়ে এবার ধীরে ধীরে শীতের আমেজ উপভোগ করার অপেক্ষা। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপের গতিপ্রকৃতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।













