এক মুহূর্তের সংঘর্ষেই কার্যত মৃত্যুপুরীতে পরিণত হলো যাত্রিবোঝাই একটি ট্রাভেলার। ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ২৩ জন। গুরুতর আহত আরও সাতজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে অসমের কাজিরাঙার কাছে রংগাজান এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাভেলারটি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় মুহূর্তের মধ্যে দুমড়েমুচড়ে যায় ট্রাভেলারটি। ভিতরে আটকে পড়েন একাধিক যাত্রী। দুর্ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Kaziranga Tragedy: দুমড়ে যাওয়া বাসের ভিতর থেকে উদ্ধার একাধিক দেহ
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। বাসের ভাঙা অংশের ভিতর থেকে যাত্রীদের বের করে আনার কাজ শুরু হয়। গোলাঘাটের পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তবে বাসের ভিতর থেকে একের পর এক দেহ উদ্ধারের ফলে মৃতের সংখ্যা বেড়ে ২৩-এ পৌঁছয়।
আহতদের দ্রুত উদ্ধার করে কোহোরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। এখনও দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
বেপরোয়া গতিই কি দুর্ঘটনার কারণ? শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
পুলিশ সুপারের প্রাথমিক অনুমান, ট্রাভেলারটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। কাজিরাঙা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় যানবাহনের গতির উপর নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। কিন্তু বাসটি সেই নিয়ম মানেনি বলে মনে করা হচ্ছে। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই কন্টেনার ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে থাকতে পারে। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। (Kaziranga Tragedy)
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে গোটা অসম তাঁদের পাশে রয়েছে। আহতদের যাতে দ্রুত চিকিৎসা দেওয়া যায়, সেটাই এখন সরকারের প্রধান লক্ষ্য। মন্ত্রী অতুল বোরাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি নিজে উদ্ধার ও ত্রাণের কাজ তদারকি করছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি শোকস্তব্ধ পরিবারগুলিকে এই কঠিন পরিস্থিতিতে শক্ত থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।














