সিন্ধু জলবণ্টন চুক্তি (Indus Waters Treaty) নিয়ে অবস্থান বদলের কোনও প্রশ্নই নেই। পাকিস্তানকে ফের স্পষ্ট বার্তা দিল ভারত। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, এই চুক্তি নিয়ে নয়াদিল্লির অবস্থানে ‘একটুও পরিবর্তন’ হয়নি। এর মধ্যেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সভায় যোগ দিতে দিল্লিতে হাজির হয়েছেন পাকিস্তানের মন্ত্রী মুসাদ্দিক মালিক। তাঁর ভারত সফর ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
‘একটুও পরিবর্তন হয়নি’, স্পষ্ট বার্তা ভারতের
শুক্রবার বিদেশ মন্ত্রকের দ্বিসাপ্তাহিক সাংবাদিক বৈঠকে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে (Indus Waters Treaty) সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে প্রশ্ন করা হয়। পাকিস্তানি মন্ত্রী মুসাদ্দিক মালিকের উপস্থিতি এবং চুক্তি নিয়ে তাঁর আগের মন্তব্যের প্রসঙ্গও ওঠে। জবাবে জয়সওয়াল বলেন, “IWT নিয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা আগেই তা জানিয়েছি। সেই অবস্থানেই রয়েছি। এতে একটুও পরিবর্তন হয়নি।”
#WATCH | Delhi: On Pakistan Minister Musadik Masood Malik’s visit to India for the SCO Summit and his earlier remarks over the Indus Waters Treaty, MEA Spokesperson Randhir Jaiswal says, "As far as IWT is concerned, we have made our position very clear, and that is where it remains. There is absolutely no change."
— ANI (@ANI) November 20, 2026
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। তারই অংশ হিসেবে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি।
SCO সম্মেলনে পাকিস্তানি মন্ত্রী, বাড়ছে কূটনৈতিক জল্পনা
২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে প্রথম SCO Civilisation Dialogue Forum আয়োজন করেছে ভারত। ঐতিহাসিক পুরানা কেল্লায় আয়োজিত তিন দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৮ অক্টোবর ভারত জানিয়েছিল, SCO-র সমস্ত সদস্য দেশকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণ পেয়েই ১৪ নভেম্বর পাকিস্তান তাদের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদ্দিক মালিকের যোগদানের কথা ঘোষণা করে। শুক্রবার ভোরে দিল্লিতে পৌঁছে সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধনী দিনে অংশ নেন তিনি। (Indus Waters Treaty)
গত বছরের ৭ থেকে ১০ মে অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের পর এই প্রথম কোনও পাকিস্তানি মন্ত্রীকে ভারতে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ঘটনা বলে মনে করা হচ্ছে। সম্মেলনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নতিতে সংস্কৃতির ভূমিকা প্রসঙ্গে মালিক বলেন, “সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
SCO-র মঞ্চে দুই প্রতিবেশী দেশ
বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলন SCO-র কাঠামোর মধ্যে একটি বহুপাক্ষিক অনুষ্ঠান। পাকিস্তান-সহ সংগঠনের সমস্ত সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি SCO-র পর্যবেক্ষক এবং ডায়ালগ পার্টনারদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে ভারতের সংস্কৃতি মন্ত্রক ও বিদেশ মন্ত্রক। (Indus Waters Treaty)
২০০১ সালে সাংহাইয়ে রাশিয়া, চিন, কিরঘিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের উদ্যোগে SCO গঠিত হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান এই সংগঠনের স্থায়ী সদস্যপদ লাভ করে।










