NEET-UG ২০২৬-এর প্রশ্নফাঁস মামলায় ধৃত ১৪ জন অভিযুক্তই নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন। শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বিশেষ ফাস্ট ট্র্যাক বিচারক অজয় গুপ্তের এজলাসে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। তবে কেউই দোষ স্বীকার করেননি। আদালতে প্রত্যেকেই বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন। আগামী ২৫ নভেম্বর থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। দ্রুত বিচার শেষ করতে প্রতিদিন শুনানির নির্দেশ দিয়েছে আদালত। (NEET UG 2026 Paper Leak Case)
একাধিক ধারায় অভিযোগ গঠন
আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কপিরাইট আইনের ৬৩ নম্বর ধারা, ভারতীয় ন্যায় সংহিতা (BNS), দুর্নীতি দমন আইন এবং ২০২৪ সালের পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। বিচারক জানিয়েছেন, অভিযুক্তরা বিভিন্নভাবে পরীক্ষার গোপন প্রশ্নপত্র ছড়িয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। নির্ধারিত পরীক্ষার অনেক আগেই দেশের বিভিন্ন জায়গায় সেই প্রশ্নপত্র পৌঁছে যায়। এর জেরে পরীক্ষা বাতিল করতে হয়। এতে সরকারি কোষাগারের কয়েক কোটি টাকা ক্ষতি হয়। পাশাপাশি সমস্যায় পড়েন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। (NEET UG 2026 Paper Leak Case)
৩৬০ জন সাক্ষী, ৪২২টি নথি জমা
সিবিআইয়ের অভিযোগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) প্রশ্নপত্রের অনুবাদ, পুনরায় অনুবাদ এবং প্রুফ দেখার দায়িত্ব অভিযুক্তদের দিয়েছিল। সেই প্রশ্নপত্র সংস্থার কপিরাইটের আওতাভুক্ত ছিল। গত ২৮ জুলাই সিবিআই ১৩ জনের বিরুদ্ধে মূল চার্জশিট জমা দেয়। পরে ১৪ অক্টোবর শেষরাও বজরং সূর্যবংশী ওরফে রাজ সূর্যবংশীর বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হয়। এই মামলায় ৩৬০ জন সাক্ষী, ৪২২টি নথি এবং ৪৩টি গুরুত্বপূর্ণ সামগ্রীকে প্রমাণ হিসেবে তুলে ধরেছে তদন্তকারী সংস্থা।
দু’বার পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের
গত ৩ মে NEET-UG ২০২৬ পরীক্ষা হয়েছিল। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন। প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর ১২ মে পরীক্ষা বাতিল করে NTA. পরে ২১ জুন নতুন করে পরীক্ষা নেওয়া হয়। ১২ মে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের অভিযোগের ভিত্তিতে সিবিআই মামলা দায়ের করে। ১৩ মে প্রথম গ্রেফতারি হয়। তদন্তের পরিধি মহারাষ্ট্র, রাজস্থান ও হরিয়ানা পর্যন্ত বিস্তৃত হয়।
উল্লেখযোগ্য বিষয়, সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটে কোনও সরকারি আধিকারিক বা NTA-র কোনও পদাধিকারীর নাম অভিযুক্ত হিসেবে নেই। বেসরকারি সংস্থার ব্যক্তি এবং বিষয় বিশেষজ্ঞদের একটি চক্রের বিরুদ্ধে প্রশ্নফাঁসের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এবার ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া বিচারপ্রক্রিয়াতেই সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে। (NEET UG 2026 Paper Leak Case)










