ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দুর্ঘটনার ধাক্কা সরিয়ে পদকের সোনালি আলোয় বিদিশা, বাংলার নতুন আশা

bidisha kundu
---Advertisement---

ভোরের আলোয় অন্ধকারের অনিশ্চয়তা তাঁকে থামাতে পারেনি। আরও শক্তিশালী করে নতুন লক্ষ্যের দিকে দৃঢ়প্রতিজ্ঞ করেছে। তাই দুর্ঘটনার ধূসর ধাক্কা সামলে বিদিশা কুণ্ডু বাংলার অ্যাথলেটিক্সে আশার নাম (bidisha kundu)।

দোহারা চেহারার শ্যামলা যুবতীর চোখে মুখে নতুন কিছুর স্বপ্ন। চোখ সাহস এবং বুক ভরা আশা নিয়ে শিমুরালির বিদিশা যখন হেপ্টাথেলনে নজির গড়ে সোনা জিতে নেন তখন লড়াই নতুন পথ খুঁজে পায়।

বিদিশার জন্মের আগেই তাঁকে অ্যাথলিট তৈরি করার স্বপ্ন দেখেছিলেন বিশ্বজিৎ এবং দিপালী কুণ্ডু। দু’জনেই অ্যাথলিট ছিলেন। বড় সাফল্যের স্বপ্ন তাঁদের জীবনে থমকে গিয়েছিল। পেশায় দু’জনেই রাজ্য পুলিশে রয়েছেন। তবে অপূর্ণ স্বপ্নের বাস্তবায়ন সন্তানের মধ্যে দিয়ে দেখতে চেয়েছিলেন। বিদিশার সাফল্য তাই তাঁর বাবা মায়ের স্বপ্ন পূরনের প্রথম ধাপ। “আমার বাবা মা অ্যাথলিট ছিলেন, বাবা রাজ্য পুলিশে রয়েছেন। ওঁরা দু’জনেই ঠিক করেছিলেন সন্তানকে অ্যাথলিট করবেন। তাঁদের ইচ্ছে এবং আমার চেষ্টায় আজ এই জায়গায় আমি। আরও ভালো কিছুর লক্ষ্যে এবার স্টার্টিং ব্লকে ফের দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছি বলতে পারেন,” জানিয়েছেন বিদিশা।

সোদপুরের এসিসি বাংলার খেলাধুলায় অন্যরকম স্কুলের নাম। সেখানে এসেই বদলে গিয়েছে বিদিশার পথচলা।
হেপ্টাথেলনে জাতীয় রেকর্ড গড়লেও শুরুতে এই ইভেন্টটা করত না সে। অনূর্ধ্ব ২৩ জাতীয় আসরে সোনা জয়ের আগে রাজ্যস্তরে একাধিক পদক যেমন রয়েছে তেমনি রেকর্ড রয়েছে। আগামী মাসে বিশ্ববিদ্যালয়ের জাতীয় আসরে রয়েছে। তারপর নতুন বছরে জাতীয় গেমস এবং তারপর এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডের যোগ্যতা অর্জন পর্ব রয়েছে। বিদিশা বলছেন, “আমার এখনও আরও একটা বছর অনূর্ধ্ব ২৩-এ নামার সুযোগ থাকবে। ডিসেম্বরে ইউনিভার্সিটি মিট রয়েছে। তারপর জাতীয় গেমস। এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড রয়েছে। সিনিয়র দলে ঢুকে পড়া লক্ষ্য। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা স্বপ্ন। তবে আমি ধাপে ধাপে এগোতে চাই।”

নীরজ চোপড়াকে আদর্শ মানেন বিদিশা। অলিম্পিক স্বপ্ন তাঁর চোখে। ২০৩৬ সালে ভারতে অলিম্পিক আয়োজনের তোড়জোড় শুরু হয়েছে। সেখানে যোগ দেওয়ার যোগ্যতা অর্জন পাখির চোখ। হেপ্টাথেলনে অ্যানা হেলাকে সামনে রেখে লক্ষ্য সাজাচ্ছেন বিদিশা। ২০২৩ সাল থেকে হেপ্টাথেলন করছেন। ২০২২ সালে এসিসিতে অর্ঘপ্রতীম রায়ের কোচিংয়ে অ্যাথলেটিক্স চর্চা শুরু। তারপরেই হাই জাম্প এবং হার্ডলস ছেড়ে হেপ্টাথেলন শুরু করেছেন।

“অনেক দিন পরে জাতীয় আসরে সাফল্য। হাই জাম্প থেকে হেপ্টাথেলনে নিয়ে আসা হয়েছে। ২০২২ সাল থেকে ক্রমাগত ট্রেনিং করে আজ এই সাফল্য এসেছে। বড় কিছু করতে হলে আরও ভালো করতে হবে। ওর মধ্যে সেই মশলা রয়েছে। আমাদের এখানে অ্যাথলিটের কোন দিকে ঝোঁক রয়েছে তা বিচার করে সেই দিকে জোর দেওয়া হয়।বিদিশাকে হাই জাম্প থেকে হেপ্টাথেলনে নিয়ে আসা সহজ ছিল না। এই ইভেন্টে সাতটা বিভাগে সড়গড় হতে হয়। বিদিশার থ্রোয়ি়ং ইভেন্টে খামতি রয়েছে, সেটা দূর করতে হবে। আশা করি বড় পর্যায়ে সফল হবে,” ছাত্রীর প্রশংসায় গুরু অর্ঘ প্রতীম।

বিদিশার সাফল্যের আলোয় নতুন স্বপ্নের রং। তবে এর পেছনে আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হয়েছিল একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে। “আমি নদীয়ার শিমুরালির মেয়ে হলেও থাকতাম কাচরাপাড়ায়। শীতকালের ভোরে টোটোতে করে স্টেশন আসছিলাম প্র্যাকটিসের জন্য, কুয়াশা ছিল। পেছন থেকে একটি লরি এসে টোটোতে ধাক্কা মারে। আমি যেদিকে বসেছিলাম সেদিকে ধাক্কা মেরেছিল। ছিটকে পড়ে যাই। তারপর বেশ কয়েক মাস নামতেই পারিনি। একটা সময় মনে হয়েছিল ফেরা সম্ভব হবে না। তারপর কোচেদের চেষ্টায় ফিরে এসেছি। বলা যায়, দুর্ঘটনার আতঙ্ক সরিয়ে আমার ফিরে আসা,” আতঙ্ক এখনও বিদিশার চোখেমুখে ফুটে ওঠে।

বাংলা অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী ২০১৭ সাল থেকে অ্যাথলেটিক্স শুরু করেন। তারপর সাফল্য যেন পায়ে পায়ে ছুটেছে। ২০১৮ সালে হাইজাম্পে জুনিয়র বিভাগের জাতীয় আসরে রূপো পাওয়ার আগে রাজ্য পর্যায়ে সোনা জিতেছিলেন তিনি। লংজাম্পেও পদক রয়েছে। এরপর প্রতিটি বয়সভিত্তিক রাজ্য এবং জাতীয় পর্যায়ে বিদিশার পদকের রং সোনা, রূপো, ব্রোঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। রাজ্য মিটে রেকর্ড রয়েছে। মোড় ঘুরল ২০২২ সালে কোচ অর্ঘ্য প্রতীমের অধীনে প্রশিক্ষণ নেওয়ার পর থেকে। হাই জাম্প এবং হার্ডলস রেসে ব্যস্ত থাকা বিদিশা এবার হেপ্টাথেলনে অংশ নিতে থাকে। মাঝে দুর্ঘটনার ঝক্কি সামলে ছন্দে সে। এখন অনূর্ধ্ব ২৩-এ জাতীয় পর্যায়ে নজির গড়ে সোনা জয়। বিদিশা আত্মতুষ্ট না হয়ে লক্ষ্যপূরণের দৃষ্টি পথ বড় করতে চান।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now