ঘুর্ণিঝড়ের প্রভাব কাটতেই এবার উত্তুরে হাওয়া ঢোকা শুরু হয়ে গিয়েছে। আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন। তবে আরও নামবে তাপমাত্রার পারদ। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে পথচলতি মানুষ ও গাড়িচালকদের। তবে আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে রাজ্যের আবহাওয়া। কলকাতায় পারদ থাকবে ১৭-২৭ ডিগ্রির মধ্যে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (weather update)।
weather update: জেলাগুলিতে কত তাপমাত্রা থাকবে?
শীতের আমেজ ক্রমশ বাড়ছে বাংলায়। নভেম্বরের শেষ সপ্তাহতেই শীতের আমেজ বজায় রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। শুক্রবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। তবে, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা থাকলেও বাংলায় আপাতত এর কোনও প্রভাব পড়বে না। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য কোনও ওয়েদার সিস্টেম সক্রিয় নেই। ফলে আগামী এক সপ্তাহ রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রার ক্ষেত্রেও বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই (weather update)।
উত্তরবঙ্গে আবহাওয়ার কী পরিস্থিতি?
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও নামছে তাপমাত্রা। পাশাপাশি বাড়ছে কুয়াশার প্রভাব। ভোরের দিকে একাধিক জায়গায় দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে। কোথাও কোথাও তা ২০০ মিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
ফের ঘূর্ণাবর্ত
এদিকে, আগামী ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে অবস্থান করবে। ফলে আগামী এক সপ্তাহে রাজ্যের আবহাওয়ার উপর এর কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা নেই। সব মিলিয়ে আগামী এক সপ্তাহ রাজ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দিনের বেলায় তুলনামূলক কম তাপমাত্রা এবং রাতের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।











