টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর রেজিস্ট্রি ও এনগেজমেন্টর অনুষ্ঠান ঘিরে যেমন কৌতূহল রয়েছে অনুরাগীদের, তেমনই চর্চায় উঠে এসেছে বিয়ের ভোজের মেনু। মাছ, মাংস থেকে শুরু করে নানা রকম মিষ্টি, অতিথিদের আপ্যায়নে রাখা হয়েছে একাধিক বাঙালি পদ। চিকেন না মাটন, কোন পদ থাকছে মিমির বিয়ের ভোজে? সেই তালিকাতেই রয়েছে চমক। (Mimi Chakraborty Wedding Menu)
গত ২৬ নভেম্বর, বৃহস্পতিবার কলকাতায় ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন মিমি। ব্যক্তিগত পরিসরেই আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান। দুই পরিবারের সদস্য এবং কাছের মানুষদের নিয়েই বসেছিল বিয়ের আসর। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের কয়েকটি ছবিও ভাগ করে নেন অভিনেত্রী। সেখানে বর-কনেকে একসঙ্গে আংটি হাতে পোজ দিতে এবং বিয়ের রেজিস্ট্রেশনের সময় দেখা গিয়েছে। দু’জনের পোশাকেই ছিল ক্রিম ও সোনালি রঙের ছোঁয়া। তবে ছবিতে স্বামীর মুখ প্রকাশ্যে আনেননি মিমি।
মিমির বিয়ের মেনুতে কী কী পদ?
বাঙালির ভোজে মাছ থাকবে না, তা কি হয়! মিমির বিয়ের খাবারের তালিকাতেও রয়েছে একাধিক মাছের পদ। অতিথিদের জন্য রাখা হয়েছে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এবং ফিশ বল। পাশাপাশি থাকছে কাতলা মাছের পদ। মাছের পাশাপাশি নিরামিষ পদেও রয়েছে বেশ কয়েকটি পরিচিত খাবার। তালিকায় জায়গা পেয়েছে ছানার কোফতা। (Mimi Chakraborty Wedding Menu)
চিকেন না মটন, কোন মাংস থাকছে?
মিমির রেজিস্ট্রির ভোজে আমিষ খাবারের আয়োজনও বেশ নজরকাড়া। মুরগির মাংসের পাশাপাশি থাকছে খাসির মাংস। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মটন রগন জোশ। অর্থাৎ চিকেন ও মটন, দু’রকম মাংসেরই ব্যবস্থা রাখা হয়েছে অতিথিদের জন্য।
মূল খাবারের তালিকায় রয়েছে রাধাবল্লভী, ছোলার ডাল, আলুর দম এবং ফ্রায়েড রাইস। সব মিলিয়ে নিরামিষ ও আমিষ, দুই ধরনের খাবারেরই আয়োজন করা হয়েছে।
শেষ পাতে কী থাকছে?
বাঙালির ভোজের শেষে মিষ্টিমুখ না হলে চলে না। মিমির বিয়ের ভোজেও সেই রীতি বজায় রয়েছে। শেষ পাতে থাকছে রসগোল্লা, সন্দেশ এবং আইসক্রিম। পাশাপাশি অতিথিদের জন্য রয়েছে পান।
মিমির স্বামী সিদ্ধার্থ দত্ত পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। তবে ব্যক্তিগত জীবন বরাবরই প্রচারের আলো থেকে দূরে রাখতে চেয়েছেন মিমি। (Mimi Chakraborty Wedding Menu)
সব মিলিয়ে মিমির বিয়ের ভোজে সাবেকি বাঙালি খাবারের সঙ্গে রয়েছে নানা স্বাদের আয়োজন। মাছ, মাংস, রাধাবল্লভী থেকে রসগোল্লা—অতিথিদের পাতে যে এলাহি ব্যবস্থা ছিল, তা বলাই যায়।













