দূরপাল্লার ট্রেনযাত্রায় লোয়ার বার্থ পাওয়ার ইচ্ছা থাকে অনেকেরই। বিশেষ করে বয়স্ক যাত্রী কিংবা যাঁদের শারীরিক সমস্যার কারণে উপরের বার্থে উঠতে অসুবিধা হয়, তাঁদের কাছে এই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু টিকিট কাটার পর দেখা যায়, পছন্দের বদলে মিলেছে অন্য আসন। তবে বুকিংয়ের সময় কয়েকটি বিষয় খেয়াল রাখলে লোয়ার বার্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়তে পারে। কী কী করবেন? তাহলে জেনে নিন এই ৫টি উপায়।
১. বুকিংয়ের সময় লোয়ার বার্থ বেছে নিন
অনলাইনে টিকিট কাটার সময় ‘Choice of Berth’ অপশনটি দেখতে পাবেন। সেখানে পছন্দের আসন হিসেবে Lower Berth নির্বাচন করুন। এতে রেলের কাছে আপনার পছন্দের বিষয়টি পৌঁছে যাবে। তবে আসন খালি থাকা এবং রেলের বরাদ্দ ব্যবস্থার উপরেই শেষ পর্যন্ত নির্ভর করবে আপনি লোয়ার বার্থ পাবেন কি না। (Train Lower Berth Booking Tips)
২. বিশেষ বুকিং অপশনের সুবিধা নিন
টিকিট বুকিংয়ের সময় ‘Book Only If At Least One Lower Berth Is Allotted’ অপশনটি পাওয়া গেলে সেটি বেছে নিতে পারেন। এই অপশন চালু থাকলে অন্তত একটি লোয়ার বার্থ বরাদ্দ না হলে টিকিট বুক হবে না। যাঁদের কাছে নীচের আসন পাওয়া জরুরি, তাঁদের জন্য এটি কাজে আসতে পারে।
৩. প্রবীণ যাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা
পরিবারের কোনও প্রবীণ সদস্যকে নিয়ে যাত্রা করলে বুকিংয়ের সময় Senior Citizen সংক্রান্ত সুবিধার বিষয়টি দেখে নিন। ভারতীয় রেলে প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট নিয়মে লোয়ার বার্থ বরাদ্দের ব্যবস্থা রয়েছে। ফলে তাঁদের যাত্রা কিছুটা স্বস্তিদায়ক হতে পারে।
৪. শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন না
পছন্দের আসন পেতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব টিকিট বুক করুন। যাত্রার দিন যত এগিয়ে আসে, ততই পছন্দের আসন পাওয়ার সুযোগ কমতে পারে। তাই যাত্রার পরিকল্পনা আগে থেকে করে রাখুন। বর্তমানে সাধারণ অগ্রিম টিকিট বুকিংয়ের সময়সীমা ৬০ দিন।
৫. ট্রেনে ওঠার পর TTE-র সাহায্য নিন
অনলাইনে লোয়ার বার্থ না পেলেও একেবারে হতাশ হওয়ার প্রয়োজন নেই। ট্রেনে ওঠার পর TTE-র সঙ্গে কথা বলতে পারেন। কোনও আসন খালি থাকলে বা রেলের নিয়ম অনুযায়ী আসন বদলের সুযোগ থাকলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারেন।
তবে মনে রাখবেন, এই কৌশলগুলি লোয়ার বার্থ পাওয়ার সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে মাত্র, কিন্তু কোনওটিই নিশ্চিত আসনের প্রতিশ্রুতি দেয় না।












