পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে দুবাই তথা আরবের বহু শহরেই বিমান ওঠানামা ব্যাহত হচ্ছে। এরই মাঝে মুম্বই থেকে দুবাইয়ের দিকে যাওয়া একটি বিমানকে হঠাৎই মাঝ আকাশে পথ পরিবর্তন করতে হলো। কিন্তু কেন এমন ঘটল? বিমান কর্তৃপক্ষ সূত্রে খবর, ওই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহী (UAE) কর্তৃপক্ষের তরফে নিজেদের ডিফেন্সের জন্য একটি মিসাইল লঞ্চ করা হয়েছিল, তাই ওই বিমানের যাতে কোনও ক্ষতি না হয় সেই জন্য তারা সতর্ক করে দেয় চালককে। এই কারণেই পথ বদল। (Emirates Flights Rare Move)
মঙ্গলবার সকালে মুম্বই থেকে আসা এমিরেটসের (Emirates EK501) একটি বিমান এক বিরল ঘটনার মুখোমুখি হয়। বিমানটির যাত্রাপথেই হঠাৎ সংযুক্ত আরব অমিরশাহির তরফে একটি সতর্কতামূলক বার্তা পাঠানো হয়। যেখানে বলা হয় যে তাদের বিমানটি প্রতিরক্ষা ব্যবস্থাস্বরূপ ইরান থেকে লঞ্চ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হতে চলেছে। ফলে বিমানটি UAE-এর আকাশসীমায় ঢোকার আগে কিছুক্ষণের জন্য সেখানে আটকে থাকে, কারণ UAE র প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল যে তারা ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে এয়ার ডিফেন্স সিস্টেম সচল করেছে। এই সতর্কতার কারণে বিমানটিকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হয়েছিল।
And now for the rarely seen double reverse. https://t.co/Kn5v0kLg1f https://t.co/GpSPZVOVBP pic.twitter.com/2bcDIRFlBn
— Flightradar24 (@flightradar24) March 3, 2026
বিমান কর্তৃপক্ষ জানায়, বিমানটি সেই মুহূর্তে বাধ্য হয়ে ‘ডাবল রিভার্স’ পদ্ধতি বা একই পথে দুইবার পথ পরিবর্তন করার পদ্ধতি অবলম্বন করে, যেটি খুবই বিরল একটি ঘটনা। এরকমভাবে দিক পরিবর্তন সাধারণত বাণিজ্যিক বিমানগুলিতে খুব কমই দেখা যায়, এবং এটি খুব জরুরি অবস্থা বা যাত্রী নিরাপত্তার কারণেই একমাত্র করা হয়।
যুদ্ধের মতো এক ভয়াবহ আবহে যাত্রীবাহী বিমানের এমন দিক পরিবর্তনে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। তবে স্বস্তির খবর যে যাত্রীদের কোনও রকম ক্ষতি হয়নি, কিছু সময়ের জন্য বিমান চলাচলে বিঘ্ন ঘটলেও শেষমেষ বিমানটি নিরাপদভাবে দুবাই পৌঁছেছে। (Emirates Flights Rare Move)
তবে এই ঘটনা ফের বিশ্বজুড়ে চলা যুদ্ধের ভয়াবহতা এবং বিমান চলাচলে তার প্রভাবের ছবিটা স্পষ্ট করে দিল। বর্তমানে মধ্যপ্রাচ্যে এই অঞ্চলগুলিতে সামরিক এবং রাজনৈতিক টানাপোড়েনের কারণে আন্তর্জাতিক বিমানগুলোর রুট, সময়সূচি ও নিরাপত্তা ব্যবস্থা যে আরও বেশি জটিল হয়ে উঠছে তা বলাই বাহুল্য।











