দুর্ঘটনার কবলে পড়া সুখোই যুদ্ধবিমানের দুই পাইলট প্রয়াত। ঘটনাটি ঘটেছে অসমের কার্বি আংলং জেলায়। বায়ুসেনার পক্ষ থেকে এই দুই পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃত পাইলটদের নাম স্কোয়াড্রন লিডার অনুজ রাজপুত এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর। বৃহস্পতিবার, ৫ মার্চ নিয়মিত প্রশিক্ষণের জন্য অসমের জোরহাটের বায়ুসেনা ঘাঁটি থেকে আকাশে উড়েছিল যুদ্ধবিমানটি। উড়ানের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরেই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে বায়ুসেনা। (Su-30MKI Crash in Assam)
তল্লাশিতে জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছে যুদ্ধবিমানটি। দুর্ঘটনাস্থল জঙ্গল ও পাহাড়ে ঘেরা হওয়ায় উদ্ধারকাজে অসুবিধার মুখে পড়ে বায়ুসেনা। পরে বায়ুসেনা জানায়, ওই বিমানে থাকা দুই পাইলটই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুই আধিকারিকের মৃত্যুর খবর নিশ্চিত করে শোকপ্রকাশ করেছে বায়ুসেনা। (Su-30MKI Crash in Assam)
স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধ্যার দিকে আচমকা আকাশে বিকট শব্দ শোনা যায়। অনেকেই দূরে আগুনের শিখা দেখতে পান। এরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং শুরু করে উদ্ধারকার্য। (Su-30MKI Crash in Assam)
সুখোই যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে পরিচিত। সুখোই 30 MKI দুই আসনের একটি শক্তিশালী যুদ্ধবিমান। রাশিয়ার সুখোই সংস্থার নকশায় তৈরি এই বিমান ভারতে লাইসেন্স নিয়ে বানায় হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। ভারতীয় বায়ুসেনার বহরে এখন দুই শতাধিকের বেশি এই ধরনের যুদ্ধবিমান রয়েছে। আকাশ প্রতিরক্ষায় এটি বায়ুসেনার অন্যতম ভরসা। প্রতিটি বিমানের দাম প্রায় পাঁচ কোটি মার্কিন ডলারেরও বেশি। দ্রুত কৌশল বদলানো এবং শক্তিশালী হামলার ক্ষমতার জন্য এই যুদ্ধবিমান পরিচিত। (Su-30MKI Crash in Assam)
কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা। তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। (Su-30MKI Crash in Assam)











