বিধানসভা নির্বাচনের আগে বড় স্বস্তি পেলেন বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh BJP)। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করেছে। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারই জেলমুক্তি হতে পারে তাঁর।
তবে জামিনের সঙ্গে একাধিক শর্ত বেঁধে দিয়েছে আদালত। নির্দেশ অনুযায়ী, রাকেশ সিং নিজের বিধানসভা এলাকার বাইরে যেতে পারবেন না। শুধুমাত্র মনোনয়ন জমা দেওয়া বা রিটার্নিং অফিসারের সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজনেই তিনি এলাকার বাইরে যেতে পারবেন। পাশাপাশি নির্বাচনী প্রচারের সময়ে নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশিকা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। যদি তিনি নির্বাচনে প্রার্থী না হন, তবে পুলিশ তাঁর জামিন বাতিলের আবেদন করতে পারবে বলেও জানানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি ৬ মে।
দেওয়াল লেখাকে কেন্দ্র করে উত্তপ্ত ভাটপাড়া, আক্রান্ত কর্মীকে দেখতে হাসপাতালে BJP প্রার্থী
জামিন মঞ্জুর হতেই সমাজমাধ্যমে প্রতিক্রিয়া দেন রাকেশ সিং। তিনি লেখেন, “সত্যমেব জয়তে। ১৬৩ দিনের লড়াইয়ের পর আমার ও আমার পরিবারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় ন্যায় মিলেছে।” একইসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। কঠিন সময়ে পাশে থাকার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতাকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, মৌলালিতে কংগ্রেস দপ্তরে ভাঙচুর ও রাহুল গান্ধীর পোস্টারে কালি লেপনের ঘটনায় রাকেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই মামলায় অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। গত বছর ট্যাংরা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর ছেলে শিবম সিং-সহ কয়েকজন অনুগামীকেও গ্রেফতার করা হয়েছিল, যদিও পরে তাঁরা জামিন পান।
রাজনৈতিক মহলে জোর জল্পনা, কলকাতা বন্দর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন রাকেশ সিং। এই কেন্দ্রেই এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি দল। ফলে নির্বাচনের আগে তাঁর জামিন মঞ্জুর হওয়ায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে।









