---Advertisement---
lifezone nursing home

TMC vs BJP: ভোটের প্রচারে মাছের ভিড়, বাঙালির মন জিততে মরিয়া TMC-BJP

April 9, 2026 2:30 PM
TMC vs BJP
---Advertisement---

ভোটের আগে মাছকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হলো বাংলায় (TMC vs BJP)। হলদিয়ার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মৎস্য উৎপাদন নিয়ে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তারই পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি করেন—মাছ উৎপাদনে এখন স্বাবলম্বী বাংলা।

পূর্ব মেদিনীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে সভা করে মোদি অভিযোগ করেন, বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলায় এখনও মাছ উৎপাদনে ঘাটতি রয়েছে এবং অন্য রাজ্য থেকে মাছ আমদানি করতে হয়। তিনি আরও বলেন, “দেশের অন্যান্য বিজেপি-শাসিত রাজ্যে মৎস্য উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তৃণমূল সরকারের কারণে বাংলা সেই উন্নয়ন থেকে বঞ্চিত।” পাশাপাশি তাঁর অভিযোগ, কেন্দ্রের ‘পিএম মৎস্য সম্পদ’ প্রকল্পের সুবিধাও পাচ্ছেন না রাজ্যের মৎস্যজীবীরা।

‘মুখ বন্ধ কেন?’ কলকাতায় পাক হামলার হুমকি নিয়ে ফের মোদীকে আক্রমণ মমতার

এই মন্তব্যের জবাবে মিনাখাঁর সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগে ইলিশের জন্য বাংলাদেশ বা অন্ধ্রপ্রদেশের দিকে তাকিয়ে থাকতে হতো। এখন বাংলাতেই ইলিশ চাষ হচ্ছে। মাছ উৎপাদনে আমরা স্বাবলম্বী।” তিনি জানান, ডায়মন্ড হারবারে গবেষণার মাধ্যমে ইলিশ উৎপাদন বাড়ানো হয়েছে এবং ছোট মাছ সংরক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে। মৎস্যজীবীদের জন্য বিশেষ কার্ড চালুর কথাও উল্লেখ করেন তিনি।

এই ইস্যুকে ঘিরে ‘মাছে-ভাতে বাঙালি’ আবেগও রাজনৈতিক বিতর্কে উঠে এসেছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করতে পারে। যদিও সেই অভিযোগ খণ্ডনে বিজেপি নেতারা প্রচারে মাছের প্রসঙ্গ তুলে ধরছেন। এমনকি বিভিন্ন জায়গায় প্রার্থীদের মাছ হাতে প্রচার করতেও দেখা গেছে।

রাজনৈতিক মহলের মতে, পূর্ব মেদিনীপুরের মতো মৎস্যনির্ভর অঞ্চলে দাঁড়িয়ে মাছের প্রসঙ্গ তুলে বিজেপি বোঝাতে চাইছে তারা ‘আমিষ-বিরোধী’ নয়। অন্যদিকে তৃণমূল এই ইস্যুকে হাতিয়ার করে বাঙালির আবেগকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে।

সব মিলিয়ে, ভোটের মুখে মাছ এখন বাংলার রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠেছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “TMC vs BJP: ভোটের প্রচারে মাছের ভিড়, বাঙালির মন জিততে মরিয়া TMC-BJP”

Leave a Comment