আগামী ২৮ সেপ্টেম্বর থেকে টানা তিন দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। কিন্তু তার আগেই গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। ধর্মঘটের ঠিক আগের দিন, ২৭ সেপ্টেম্বর রবিবারও খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক (RRB)। ফলে টানা পাঁচ দিন ব্যাঙ্কের শাখায় পরিষেবা না পাওয়ার সম্ভাবনা এড়িয়ে জরুরি কাজ সেরে নেওয়ার জন্য গ্রাহকদের হাতে থাকছে বাড়তি একটি দিন।
আগামী ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে United Forum of Bank Unions (UFBU)। তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে শনিবার ও রবিবারের ছুটি রয়েছে। ফলে রবিবার ব্যাঙ্ক না খুললে টানা পাঁচ দিন শাখায় গিয়ে স্বাভাবিক ব্যাঙ্কিং পরিষেবা পাওয়ার সুযোগ থাকত না গ্রাহকদের। কিন্তু নতুন সিদ্ধান্তের ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে সাধারণ মানুষের।
Banks Open on Sunday: কেন রবিবার ব্যাঙ্ক খোলা হচ্ছে?
২৩ সেপ্টেম্বর প্রকাশিত অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর সমস্ত Public Sector Bank এবং Regional Rural Bank স্বাভাবিকভাবে কাজ করবে। RBI-ও ওই দিন ব্যাঙ্কের শাখা, অফিস, ATM যুক্ত ব্রাঞ্চ খোলা রাখার অনুমতি দিয়েছে।
সাধারণ মানুষের ‘জরুরি ব্যাঙ্কিংয়ের প্রয়োজন’ যাতে দীর্ঘ সময়ের জন্য আটকে না যায়, সে কারণেই এই সিদ্ধান্ত। বিশেষ করে যে সমস্ত কাজ মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং বা UPI-এর মাধ্যমে করা যায় না, সেগুলি ২৭ সেপ্টেম্বর সেরে নিতে পারবেন গ্রাহকরা।
এদিকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্কগুলির অর্ধবার্ষিক হিসাব বন্ধের দিন। ফলে ধর্মঘটের প্রভাব গ্রাহকদের পাশাপাশি ব্যবসা, সরকারি লেনদেন এবং অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবাতেও পড়তে পারে।
লালবাগচা রাজার পায়ে জাতীয় পুরস্কার, বাপ্পার আশীর্বাদ নিলেন কার্তিক
কেন ধর্মঘট ডাকল ব্যাঙ্ক ইউনিয়ন?
মূলত সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলার দাবিতেই এই ধর্মঘটের ডাক দিয়েছে UFBU। ২০২৪ সালের মার্চে হওয়া বেতন সংশোধন সংক্রান্ত চুক্তির সময় পাঁচ দিনের কর্মসপ্তাহ চালুর বিষয়টি উঠেছিল। ইউনিয়নগুলির দাবি, সেই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে হবে। সরকার জানিয়েছে, বিষয়টি এখনও বিবেচনাধীন।
এর আগে ১১ সেপ্টেম্বর এক দিনের ধর্মঘট হয়েছিল। ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটেরও প্রস্তাব রয়েছে। এদিকে সরকার ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ কর্মীদের ধর্মঘট প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আবেদন জানিয়েছে। (Banks Open on Sunday)
তবে এবার ধর্মঘটের আগে ২৭ সেপ্টেম্বর অতিরিক্ত কর্মদিবস পাওয়ায় গুরুত্বপূর্ণ শাখাভিত্তিক কাজগুলি ওই দিন সেরে নেওয়া যেতে পারে। আর যে পরিষেবাগুলি অনলাইনে সম্ভব, সেগুলির জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, UPI ও ATM ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।











