ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চিয়ার্স! মদ খাওয়ায় আমেরিকা-চিনকে পিছনে ফেলল ভারত

---Advertisement---

কুশল চক্রবর্তী
একটা সময় ছিল, অগ্রজরা মদ বা সুরা প্রসঙ্গে বলত, “ও তো সাহেব সুবোরা খায়”। কেউ কেউ বলত, “আরে সাহেবদের দেশে এত ঠাণ্ডা যে ওদের মদ খেতে হয়”। আর ভারতীয় সাহিত্যে দেখা যেত বড়লোকদের বিনোদনের আর বিপথগামীদের জীবনের অন্যতম সঙ্গী এই মদ। আর আজ সদ্য প্রকাশিত একটি সমীক্ষা বলছে ভারতের মানুষজনের মদ খাবার পরিমাণ আমেরিকা বা চিনের লোকদের ছাড়িয়ে গেছে। অবাক হওয়ার মতো ব্যাপার হচ্ছে, যেখানে ভারতের এই মদ খাবার পরিমান ২০২৬ সালের প্রথমার্ধে এসে ১০% বৃদ্ধি পেয়েছে, সেখানে আমেরিকা আর চিনের মদ খাবার বৃদ্ধির পরিমান যথাক্রমে ৪% ও ৩% কমেছে। (India Alcohol Consumption)

মজার ব্যপার হচ্ছে বিদেশী মদ খাবার ব্যাপারে ভারতীয়দের কোনও বাছ-বিচার দেখা যায়নি। অবাক হওয়ার আরেকটা কারণও হচ্ছে, এই ভারতেই এখনও চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে মদ খাওয়া পুরোপুরি নিষিদ্ধ। বিহার, গুজরাট, নাগাল্যান্ড, মিজোরাম আর লাক্ষাদ্বীপে মদ খাওয়া পুরোপুরি নিষিদ্ধ। এই জায়গাগুলোর সন্মিলিত জনসংখ্যা ২১ কোটির মত হবে। এরা যদি এই মদ খাওয়ার তালিকায় জুড়ত তা হলে হয়তো এই পরিসংখ্যানও পরিবর্তিত হয়ে যেত। (India Alcohol Consumption)

বিগত ৩০ বছরের বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে, কীভাবে ভারতীয় জনগনের মধ্যে এই মদ খাবার প্রবনতা বেড়ে গেছে। ৮০-র দশকে দেখা যেত গড়পরতা ২৩ বছরের বয়সের আগে কেউ মদ খেত না। এখন শহর আর আধা শহর অঞ্চলে ১৪ থেকে ১৮ বছরের সদ্য কৈশোর পার হয়ে যাওয়া যুবকরাও মদ খাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে মদ কেনার সুযোগের সহজলভ্যতা। অন্যদিকে ইকোনমিক টাইমসে দেওয়া এক সমীক্ষার বিবরণ বলছে, ১৫ থেকে ৩৯ বয়সের মেয়েদের মধ্যে সামান্য হলেও মদ খাবার প্রবনতা বেড়েছে। আগে মদ খাওয়াটা হতো কোনও উৎসব উপলক্ষে বা কিছু বিশেষ কারণে, এখন শহরে কারণে অকারণে মদ খাওয়াটা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে।

মদ খাওয়ার পরিমানের এই যে বৃদ্ধি তা নিয়ে নানা মুনির নানা মত। কেউ কেউ বলছেন অর্থনৈতিক উন্নতির জন্য, ভারতীয় শহরে বাস করা লোকেদের হাতে এখন পয়সা আছে মদ খাবার। আর যেহেতু শহরে মদ খাবার জায়গার অনেক প্রসার ঘটেছে তাই মদ খাবার পরিমানও বেড়েছে। (India Alcohol Consumption)

আসলে মদের এই যে বাড়বাড়ন্ত , তাতে যে ব্যপারটা বিশেষভাবে চোখে পড়েছে তা হলো মদের উপর কর থেকে রাজ্যের আয়ের প্রসার। মদের উপর কর বসিয়ে অতি সহজেই উত্তর প্রদেশ সরকার আয় করছে ৪১০০০ থেকে ৫২০০০ কোটি টাকা, কর্ণাটক সরকার ২৯০০০ থেকে ৩৬০০০ কোটি টাকা, মহারাষ্ট্র সরকার ২৫০০০ থেকে ৩৬০০০ কোটি টাকা, তেলেঙ্গানা সরকার ১৮০০০ থেকে ২৫৬০০ কোটি টাকা, তামিলনাড়ু সরকার ২১০০০ থেকে ৩২০০০ কোটি টাকা, পশ্চিমবঙ্গ সরকার ১১০০০ থেকে ১৮০০০ কোটি টাকা। অন্য রাজ্যগুলোও একবারে পিছিয়ে নেই। অর্থাৎ কি না রাজ্য সরকারের এই মদের করের টাকার উপর অনেকটাই নির্ভর করতে হচ্ছে তাদের ‘নানা’ অর্থনীতিক কাজকর্মের। তাই বলতে গেলে ভারতের বেশিরভাগ রাজ্যেই মদ বিক্রির স্বপক্ষে সরকারের কিছু না কিছু সহায়তা থেকেছে।

অন্যদিকে মদের যে একটা অশুভ প্রভাব মানবজাতির উপর আছে তা তো আমাদের বহুকালীন স্বীকৃত সত্য। বিগত ২০১৫ থেকে ২০২৪ সাল অবধি যে তথ্য নথিভুক্ত হয়েছে তাতে দেখা যাচ্ছে, বিষাক্ত মদ খেয়ে এই দেশে মৃত্যু হয়েছে ৮৬২৯ জনের। এছাড়াও জন্ম দিয়েছে হাজারো রোগের ও নানা সামাজিক সমস্যার। মদ থেকে করের মাধ্যমে অর্জিত অর্থ দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য আর প্রকৃত সামাজিক পরিবর্তনের কাজে যদি লাগানো হতো, তবে হয়তো মদ খাবার প্রবনতাও কমত আর মদ খাবার অশুভ প্রভাব থেকে সমাজও মুক্তি পেত।

সমীক্ষা বলছে, মুদ্রাস্ফীতি, করের বোঝা আর অর্থনৈতিক অনিশ্চয়তা আমেরিকার মদ খাবার পরিমান কমিয়ে দিয়েছে আর চিনের অর্থনৈতিক উন্নতির ধীর গতি তাদের মদ খাবার পরিমান কমিয়ে দিয়েছে। তাহলে কি বলা যায় যে, ভারতের ক্ষেত্রে ওই দুই দেশের উল্টো কিছু ঘটছে বলেই মদের প্রতি তাদের আগ্রহ বাড়ছে? (India Alcohol Consumption)

সত্যি সেলুকাস কী বিচিত্র এই দেশ!



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now