UPI পেমেন্ট নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ১৫ অক্টোবর থেকে ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট UPI লেনদেনে ০.৪ শতাংশ Merchant Discount Rate (MDR) চালুর প্রস্তাব রয়েছে। তার প্রতিবাদে গাজিয়াবাদের একাধিক দোকানের বাইরে টাঙানো হয়েছে, ‘UPI Payment Will Not Be Accepted’ নোটিস। ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, বড় অঙ্কের কেনাকাটায় UPI-র বদলে নগদ টাকা নিতে পারেন তাঁরা। (UPI Transaction Fee)
১৫ অক্টোবর থেকে কী বদলাবে?
প্রস্তাবিত নিয়মে ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট Person-to-Merchant বা P2M UPI লেনদেনে ০.৪ শতাংশ MDR বসবে। এই টাকা দেওয়ার দায়িত্ব থাকবে ব্যবসায়ীর। সরাসরি ক্রেতার কাছ থেকে এই টাকা নেওয়ার কথা নয়। ৭৫ হাজার টাকা বা তার বেশি লেনদেনে MDR সর্বোচ্চ ৩০০ টাকা হবে। ব্যক্তি থেকে ব্যক্তির UPI লেনদেন অবশ্য আগের মতোই বিনামূল্যে থাকবে। ২ হাজার টাকা পর্যন্ত P2M লেনদেনেও কোনও MDR থাকবে না। ফলে ১,৫০০ টাকার কোনও জিনিস UPI-তে কিনলে নতুন করে কোনও UPI ফি দিতে হবে না। P2M লেনদেনের ৯৫ শতাংশেরও বেশি এই সীমার মধ্যে পড়ে। (UPI Transaction Fee)
ব্যবসায়ীদের আপত্তি কোথায়?
গাজিয়াবাদের ক্রসিংস রিপাবলিক, বিজয় নগর, প্রতাপ বিহার-সহ বিভিন্ন এলাকায় এমন নোটিস দেখা গিয়েছে। ভাইসধ্বী জুয়েলার্স-এর মালিক অক্ষয় কুমার গুপ্তা জানিয়েছেন, তাঁর ব্যবসায় অধিকাংশ কেনাকাটাই ২ হাজার টাকার বেশি। তাই অতিরিক্ত খরচ ব্যবসায়ীদের উপর চাপ ফেলতে পারে।
ব্যবসায়ীদের আশঙ্কা, তাঁরা অতিরিক্ত খরচ বহন করতে না চাইলে বড় লেনদেনে ক্রেতাদের নগদ টাকা দিতে বলতে পারেন। এতে ফের নগদ লেনদেন বাড়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
ছোট UPI লেনদেনে প্রভাব নেই
NPCI-র অগস্টের তথ্য অনুযায়ী, P2M UPI লেনদেনের ৮৬ শতাংশ ছিল ৫০০ টাকার কম। আরও ১০ শতাংশ ছিল ৫০১ থেকে ২ হাজার টাকার মধ্যে। ফলে প্রস্তাবিত MDR মূলত বড় অঙ্কের ব্যবসায়িক UPI লেনদেনকেই প্রভাবিত করবে।
কেন্দ্রের তরফে পেমেন্ট সংস্থা ও ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা চলছে, যাতে MDR-এর খরচ আলাদা করে ক্রেতাদের উপর চাপানো না হয়। সরকারের হিসাবে, মোট UPI লেনদেনের প্রায় ৪ শতাংশ এই নতুন চার্জের আওতায় আসবে। RuPay ডেবিট কার্ডে পেমেন্টের ক্ষেত্রে অবশ্য কোনও MDR থাকবে না। (UPI Transaction Fee)













1 thought on “১৫ অক্টোবর নতুন চার্জ, প্রতিবাদে দোকানে ‘নো UPI’ নোটিস”