রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শিশুর জন্য রিটায়ারমেন্ট প্ল্যান ‘NPS Vatsalya’, মাত্র ২৫০ টাকা থেকেই শুরু করুন সঞ্চয়

Published on: September 19, 2026
NPS Vatsalya
---Advertisement---

সন্তানের ভবিষ্যৎ নিয়ে বাবা-মায়ের চিন্তা থাকে সবসময়ই। পড়াশোনা থেকে শুরু করে বড় হয়ে আর্থিকভাবে স্বনির্ভর হওয়া—সবকিছুর জন্য আগে থেকে কিছু টাকা জমিয়ে রাখলে অনেকটাই কাজে আসে। এই লক্ষ্যেই চালু হয়েছে NPS Vatsalya। ১৮ বছরের কম বয়সি শিশুদের জন্য তৈরি এই দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্পে অভিভাবক সন্তানের নামে অ্যাকাউন্ট খুলে টাকা জমাতে পারেন। প্রকল্পটি নিয়ন্ত্রণ করে Pension Fund Regulatory and Development Authority (PFRDA)। কী এই প্রকল্প? কীভাবে জমাবেন টাকা?

কাদের জন্য এই প্রকল্প?

ভারতের ১৮ বছরের কম বয়সি নাগরিকদের নামে NPS Vatsalya অ্যাকাউন্ট খোলা যায়। যোগ্য NRI এবং OCI-রাও এই প্রকল্পের আওতায় আসতে পারেন। তবে অ্যাকাউন্টটি অবশ্যই শিশুর নামে থাকবে এবং ১৮ বছর বয়স পর্যন্ত বাবা, মা বা আইনত বৈধ অভিভাবক সেটি পরিচালনা করবেন। শিশুই এই অ্যাকাউন্টের মূল গ্রাহক এবং সুবিধাভোগী।

কত টাকা জমাতে হবে?

NPS Vatsalya-তে অ্যাকাউন্ট খোলার সময় ন্যূনতম ২৫০ টাকা জমা দিতে হয়। প্রতি অর্থবর্ষেও অন্তত ২৫০ টাকা জমা রাখা প্রয়োজন। তবে সর্বোচ্চ কত টাকা জমা করা যাবে, তার কোনও নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই। শুধু বাবা-মা নয়, আত্মীয় বা বন্ধুরাও উপহার হিসেবে শিশুর এই অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারেন। যেমনটা তাঁরা প্রতি উৎসব অনুষ্ঠানে হাতে দেন। সেটাই আবার অ্যাকাউন্টে জমা রাখা যাবে।

টাকা কোথায় বিনিয়োগ হয়?

এটি কোনও নির্দিষ্ট হারে সুদ দেওয়া সঞ্চয় প্রকল্প নয়। জমা করা টাকা PFRDA-র অধীনে নিবন্ধিত Pension Fund-এর মাধ্যমে বিনিয়োগ করা হয়। ফলে এখানকার রিটার্ন বাজারের ওঠানামার সঙ্গে যুক্ত এবং আগে থেকে নির্দিষ্ট রিটার্নের নিশ্চয়তা নেই।

তবে অ্যাকাউন্ট খোলার অন্তত তিন বছর পর নির্দিষ্ট প্রয়োজনে আংশিক টাকা তোলা যায়। শিশুর শিক্ষা, নির্দিষ্ট রোগের চিকিৎসা বা ৭৫ শতাংশের বেশি প্রতিবন্ধকতার মতো ক্ষেত্রে নিজের জমা টাকার সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত তোলা যেতে পারে। ১৮ বছর হওয়ার আগে সর্বোচ্চ দু’বার এই সুবিধা পাওয়া যায়। ১৮ থেকে ২১ বছরের মধ্যে আরও দু’বার আংশিক টাকা তোলার সুযোগ রয়েছে, তবে নির্দিষ্ট শর্তসাপেক্ষে।

১৮ বছর বয়সের পর কী হবে?

শিশু ১৮ বছরে পৌঁছলে নতুন করে KYC সম্পূর্ণ করতে হবে। এরপর তিনটি পথ খোলা থাকে—

১. ২১ বছর বয়স পর্যন্ত NPS Vatsalya চালিয়ে যাওয়া।

২. পুরো টাকা NPS-এর প্রযোজ্য মডেলে স্থানান্তর করা।

৩. নিয়ম মেনে প্রকল্প থেকে বেরিয়ে যাওয়া।

তবে ২১ বছর পর্যন্ত কোনও বিকল্প বেছে না নিলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টের বিনিয়োগ কাঠামো পরিবর্তিত হতে পারে।

১৫ অক্টোবর নতুন চার্জ, প্রতিবাদে দোকানে ‘নো UPI’ নোটিস

করের সুবিধা কতটা?

NPS Vatsalya-তে করের সুবিধা প্রযোজ্য আয়কর আইন ও কর ব্যবস্থার উপর নির্ভর করে। পুরনো কর ব্যবস্থায় যোগ্য বাবা-মা বা অভিভাবকের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম করছাড়ের সুবিধা রয়েছে। আংশিক টাকা তোলা এবং প্রকল্প থেকে বেরোনোর ক্ষেত্রেও নির্দিষ্ট করছাড়ের নিয়ম রয়েছে। নতুন কর ব্যবস্থায় অগ্রিম জমার ক্ষেত্রে এই ৫০ হাজার টাকার ছাড় প্রযোজ্য নয়।

তবে মনে রাখতে হবে, NPS Vatsalya বাজার-নির্ভর বিনিয়োগ। তাই এতে রিটার্ন নিশ্চিত নয়। অ্যাকাউন্ট খোলা বা বিনিয়োগের আগে PFRDA-র সর্বশেষ নিয়ম, নির্দেশিকা, সার্কুলার এবং প্রযোজ্য আয়কর আইন দেখে নেওয়াই ভালো।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment