ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু একজন সফল অধিনায়ক নন, তিনি এক নতুন যুগের সূচনাকারীও বটে। তাঁর ক্রিকেটজীবনের সেই লড়াই, সাফল্য, বিতর্ক এবং নেতৃত্বের গল্প এবার উঠে আসতে চলেছে বড়পর্দায়। বহু প্রতীক্ষিত সেই বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-র প্রথম পোস্টার প্রকাশ্যে এল সৌরভের জন্মদিনেই। ৮ জুলাই, বুধবার ছবির ফার্স্ট লুকের মাধ্যমে ঘোষণা করা হয়েছে ছবির মুক্তির তারিখও। ২০২৭ সালের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
ভারতীয় প্রাক্তন অধিনায়কের বায়োপিকে সৌরভের চরিত্রে দেখা যাবে বলিউডের বিখ্যাত অভিনেতা রাজকুমার রাওকে। প্রথম পোস্টারে ফুটে উঠেছে ভারতীয় ক্রিকেটের অন্যতম স্মরণীয় মুহূর্ত। ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ঐতিহাসিক ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি খুলে উড়িয়ে উদযাপন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সেই দৃশ্যই এবার নতুনভাবে জীবন্ত করে তুলেছেন রাজকুমার। সেদিনের ওই উদযাপনে শুধু জয়ের আনন্দ নয় ছিল আত্মবিশ্বাস, আগ্রাসন এবং লড়াই করে কেতার মানসিকতার ছাপ। তাই ছবির ফার্স্ট লুক সেই ঐতিহাসিক মুহূর্তই তুলে ধরেছেন পরিচালক। (Sourav Ganguly’s Biopic)
পোস্টার প্রকাশের পর আবেগাপ্লুত হয়ে প্রতিক্রিয়া জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “এটাই আমার জীবনের সেরা জন্মদিনের উপহার। রাজকুমার, বড়পর্দায় তোমার কভার ড্রাইভ দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” তাঁর এই বার্তা প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সিনেমাপ্রেমীদের মধ্যেও ছবিটি নিয়ে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।
শুধু চেহারার মিল নয়, সৌরভের হাঁটা, দাঁড়ানোর ভঙ্গি, মাঠে তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি এবং ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন রাজকুমার রাও। প্রথম পোস্টারেই সেই পরিশ্রমের ঝলক স্পষ্ট বলে মনে করছেন অনুরাগীরা। তবে অনেকেই আবার রাজকুমারের লুক নিয়ে ট্রোলও করছেন। সব মিলিয়ে ছবির ফার্স্ট লুক নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। (Sourav Ganguly’s Biopic)
এই বায়োপিকে তুলে ধরা হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটজীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। কলকাতার এক প্রতিভাবান তরুণ ক্রিকেটার থেকে ভারতীয় দলের অধিনায়ক হয়ে ওঠার দীর্ঘ যাত্রা, জাতীয় দলে প্রত্যাবর্তন, বিতর্ক, সাফল্য, নেতৃত্ব এবং ভারতীয় ক্রিকেটে তাঁর আনা আমূল পরিবর্তনের কাহিনিই ছবির মূল বিষয়। পাশাপাশি বিদেশের মাটিতে লড়াকু ভারতীয় দল গড়ে তোলা, তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া, দলের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা এবং ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ঘটনাগুলিও গুরুত্ব দিয়েছেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন লভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ। ‘লভ ফিল্মস’-এর প্রযোজনায় এবং ‘টি-সিরিজ’-এর উপস্থাপনায় তৈরি হচ্ছে এই ছবি।
কেমন হলো দেবের ‘দাদাগিরি’? সৌরভকে কি মিস করলেন দর্শকেরা?
উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির ঘোষণা কয়েক বছর আগেই হয়েছিল। তারপর পরিচালক, চিত্রনাট্য এবং মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে একাধিকবার জল্পনা তৈরি হয়। শেষ পর্যন্ত রাজকুমার রাওকে সৌরভের ভূমিকায় চূড়ান্ত করা হয় এবং ছবির কাজ শুরু হয়। মুম্বই এবং কলকাতায় হয়েছে ছবির শ্যুটিং। সেই সময়কার কিছু ছবিও আগেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। আর তা থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। মহারাজের জন্মদিনে প্রকাশিত প্রথম পোস্টার সেই দীর্ঘ অপেক্ষাকে আরও বাড়িয়ে দিল। এখন ক্রিকেট এবং সিনেমাপ্রেমীদের নজর ২০২৭ সালের ১৪ মে-র দিকে, যেদিন বড়পর্দায় দেখা যাবে ‘দাদা’ র দাদাগিরি। (Sourav Ganguly’s Biopic)












