পশ্চিম এশিয়ায় অশান্তির জেরে দুবাইতে ছেলেকে নিয়ে আটকে পড়েছেন টলিউডের পরিচিত মুখ শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। বর্তমানে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান বন্ধ থাকায় দুবাইতে গিয়েও ফিরে আসতে পারেননি অভিনেত্রী। তবে পুত্র সন্তানকে নিয়ে নিরাপদেই আছেন তিনি জানালেন স্বামী রাজ চক্রবর্তী।
পরিবার সূত্রে জানা গেছে, ছেলের স্কুলে ছুটি থাকায় কয়েক দিনের জন্য দুবাইয়ে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার জেরে হঠাৎ করে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে যায়। বিমানবন্দরে পৌঁছানোর পরই শুভশ্রী জানতে পারেন, নির্ধারিত উড়ান বাতিল করা হয়েছে। ফলে আপাতত দেশে ফেরা সম্ভব হয়নি।
এই পরিস্থিতিতে উদ্বেগ তৈরি হলেও অভিনেত্রীর স্বামী তথা বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। শুভশ্রী ও ইউভান নিরাপদে একটি হোটেলে আছেন। স্থানীয়ভাবে তাঁদের পরিচিত কিছু বন্ধু ও আত্মীয় রয়েছেন, তাঁরাও খোঁজখবর নিচ্ছেন। নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে পরিবারের সঙ্গে।Subhashree Ganguly
রাজ আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁরা দেশে ফেরার ব্যবস্থা করবেন। আপাতত বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন শুভশ্রী। সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে পরিবারের তরফে আশ্বস্ত করা হয়েছে, মা ও ছেলে দু’জনেই সুস্থ ও নিরাপদ আছেন।
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব যে ব্যক্তিগত সফরেও হঠাৎ এমন জটিলতা তৈরি করতে পারে, এই ঘটনাই তার সাম্প্রতিক উদাহরণ। এখন সবার নজর, কবে স্বাভাবিক হবে উড়ান পরিষেবা এবং কবে দেশে ফিরবেন অভিনেত্রী।











