স্যোশাল মিডিয়ায় এখন অনেকেই বিভিন্ন ট্রেডিং রিল বা ভিডিয়ো বানায়, আবার লাইভে এসে মজার প্র্যাঙ্ক ও করে। তবে এটা কোনও প্র্যাঙ্ক নয়, বরং একেবারে লাইভ স্ট্রিমিং চলাকালীন আত্মহত্যার চেষ্টা জনপ্রিয় ইউটিউবার অনুরাগ ডোভালের। শনিবার, ৭ মার্চের এই ঘটনা মুহূর্তের মধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কিন্তু কেন এমনটা ঘটালেন অনুরাগ?
সোশ্যাল মিডিয়ায় ‘UK07 Rider’ নামে পরিচিত অনুরাগ ডোভাল একসময় বিগ বস ১৭-এর প্রতিযোগী ছিলেন। অনুরাগ ডোভাল ভারতের পরিচিত মোটোভ্লগারদের মধ্যে একজন। বিলাসবহুল গাড়ি ও দ্রুতগতির বাইকে ভরা তাঁর গ্যারেজ। সোশ্যাল মিডিয়ায় তার লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। তবে সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনে সমস্যার কথা সামনে আনেন তিনি। সেই সমস্যা থেকেই এই ঘটনা ঘটিয়ে বসেন।
কয়েক দিন আগে তিনি একটি ভিডিয়ো পোস্ট করে অভিযোগ করেছিলেন যে অন্য জাতের প্রেমিকাকে বিয়ে করার কারণে তাঁর পরিবার তাঁকে মানসিকভাবে অত্যাচার করছে। ভিডিয়োতে তিনি বলেন, গত কয়েক মাসে তাঁর জীবন এতটাই বদলে গেছে যে তিনি কখনও ভাবেননি জীবন এমনভাবে তাঁকে আঘাত করবে। তিনি আরও দাবি করেন, তিনি গভীর হতাশায় ভুগছেন এবং আত্মহত্যার কথাও ভাবছেন। (UK07 Rider)
এরপর শনিবার তিনি গাজিয়াবাদের মাসুরি এলাকায় দিল্লি-মেরাঠ এক্সপ্রেসওয়েতে একটি টয়োটা ফরচুনার গাড়ি চালাতে চালাতে ইনস্টাগ্রামে লাইভে আসেন। লাইভে দেখা যায়, চোখে জল নিয়ে তিনি তাঁর মাকে উদ্দেশ করে বলেন- পরের জন্মে যদি তিনি আবার জন্মান, তাহলে যেন মা তাঁকে ভালোবাসা দেন, কারণ তাঁর জীবনে সেই ভালোবাসার খুব প্রয়োজন ছিল। ভিডিয়োতে তিনি আবেগ সামলানোর চেষ্টা করে বলেন যে তাঁর জীবনে সাহস ও উৎসাহের খুব দরকার ছিল, কিন্তু এখন তাঁর কাছে এমন কেউ নেই যার কাছে সাহায্য চাইতে পারেন। এই সময় প্রায় ৮২ হাজার মানুষ ইনস্টাগ্রামে তার লাইভ দেখছিলেন এবং কমেন্টে তাঁকে সমর্থন জানাচ্ছিলেন। কিন্তু এরপরই ঘটে বিভৎস সেই ঘটনা।
তিনি হঠাৎ বলেন, “চলুন ফাইনাল ড্রাইভে যাই।” তাঁর ক্যামেরা গাড়ির সামনে ও স্পিডোমিটারের দিকে ঘোরানোর পর দেখা যায় গাড়িটি ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে চলছে। এরপর তিনি একটি বাস এবং আরেকটি গাড়িকে ওভারটেক করেন এবং “বিদায়” বলে চিৎকার করে হঠাৎ স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটিকে নিয়ে রাস্তার মাঝের ব্যারিয়ারে ধাক্কা মারেন। ঘটনার পরে পথচারীরা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মেরঠের সুভারতি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা গুরুতর।
উল্লেখ্য, এর আগে “দ্য লাস্ট মেসেজ” শিরোনামের একটি ভিডিয়োতেও তিনি জানান, গত বছর মে মাসে প্রেমিকা রিতিকাকে বিয়ে করার পর তাঁর পরিবার সেই বিয়ে মেনে নিতে চায়নি এবং তাঁকে বাড়িতে থাকতে দেয়নি। তিনি অভিযোগ করেন, পরিবারের সামনে তাঁকে হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল এবং তাঁকে অপমান করা হয়েছিল। এছাড়াও তিনি বলেন, এই পরিস্থিতির কারণে তার স্ত্রীও তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
একই সঙ্গে মানসিক স্বাস্থ্যের বিষয়টিও নতুন করে আলোচনায় উঠে এসেছে। তাছাড়া আজকের দিন দাঁড়িয়েও ভিন্ন জাতে বিয়ে করায় পারিবারিক অশান্তির বিষয়টিকেও লজ্জা ও গোঁড়ামির উদাহরণ বলেই দাগিয়ে দিচ্ছেন অনেকেই। এই মুহূর্তে অনুরাগ এর লক্ষ লক্ষ অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। (UK07 Rider)











