এবার থেকে গৃহস্থালির রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য e-KYC করা বাধ্যতামূলক। সরকারের নির্দেশ অনুযায়ী ১৫ অগস্টের আগেই গ্যাসের e-KYC না করালে গ্রাহকেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আর দেরি না করে আজই আপনার e-KYC সম্পুর্ণ করুন। কী ভাবে করবেন? দেখে নিন সম্পূর্ণ পদ্ধতি।
গ্যাসের সংযোগের সঙ্গে আধার তথ্য যাচাই করে e-KYC সম্পূর্ণ করার একাধিক ব্যবস্থা রয়েছে। স্মার্টফোন থাকলে ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে এই কাজ করা সম্ভব। আবার অনলাইনে সমস্যা হলে সরাসরি গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়েও বায়োমেট্রিক পদ্ধতিতে e-KYC করানো যাবে।
গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে অনলাইন এবং অফলাইন- দুই ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে। বিশেষ করে আধার-ভিত্তিক Face Authentication-এর মাধ্যমে স্মার্টফোন থেকেই কয়েক মিনিটে পরিচয় যাচাই করা যায়। তাই শেষ মুহূর্তে ভিড় বা কোনও সমস্যায় না পড়তে ১৫ অগস্টের আগেই e-KYC করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘরে বসে e-KYC করতে কী কী লাগবে?
অনলাইনে e-KYC করার আগে কয়েকটি জিনিস হাতের কাছে রাখুন-
- আধার কার্ড- আধারের সঙ্গে যুক্ত সচল মোবাইল নম্বর
- LPG গ্রাহক আইডি বা কনজিউমার নম্বর
- ইন্টারনেট-সহ একটি স্মার্টফোন
- Aadhaar FaceRD অ্যাপ
- এরপর Google Play Store বা Apple App Store থেকে Aadhaar FaceRD অ্যাপটি আগে ইনস্টল করে নিতে হবে।
পাশাপাশি আপনার যে গ্যাস সংযোগ রয়েছে, সেই সংস্থার অফিসিয়াল অ্যাপও ফোনে থাকতে হবে। যেমন- Indane, Bharat Gas বা HP Gas-এর সংশ্লিষ্ট অ্যাপ।
মোবাইল থেকে কী ভাবে করবেন গ্যাসের e-KYC? দেখে নিন ধাপে ধাপে
১. প্রথমে গ্যাস কোম্পানির অ্যাপ খুলুন
আপনার LPG সংযোগ যে সংস্থার, সেই সংস্থার অফিসিয়াল মোবাইল অ্যাপ খুলুন। সেখানে লগ ইন করুন। অনেক ক্ষেত্রে PMUY e-KYC Portal-এর মাধ্যমেও প্রক্রিয়াটি করা যায়।
২. মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন
গ্যাস সংযোগের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। আপনার ফোনে একটি OTP আসবে। সেই OTP নির্দিষ্ট জায়গায় দিয়ে লগ ইন সম্পূর্ণ করুন।
৩. LPG বা e-KYC অপশন বেছে নিন
অ্যাপের মধ্যে LPG অথবা e-KYC সংক্রান্ত অপশনটি খুঁজে সেটিতে ক্লিক করুন।
৪. আধার অথেন্টিকেশনে সম্মতি দিন
এরপর আধার-ভিত্তিক পরিচয় যাচাইয়ের জন্য আপনার সম্মতি চাওয়া হবে। প্রয়োজনীয় সম্মতি দিয়ে পরবর্তী ধাপে যান।
৫. ‘Capture Face’ অপশনে ক্লিক করুন
এবার Capture Face অপশনে ক্লিক করতে হবে। ফোনের ক্যামেরার সামনে নিজের মুখ ঠিকভাবে রাখুন। Aadhaar FaceRD অ্যাপের সাহায্যে আপনার মুখের ছবি স্ক্যান করা হবে।
৬. ফেস স্ক্যান সম্পূর্ণ করুন
ফেস স্ক্যান সফলভাবে হয়ে গেলে আধার-ভিত্তিক পরিচয় যাচাই সম্পূর্ণ হবে। এরপর আপনার LPG সংযোগের e-KYC আপডেট হয়ে যাবে।
বন্ধ হতে পারে গ্যাসের সংযোগ, এক্ষুণি করুন এই কাজ, ঘোষণা কেন্দ্রের
স্মার্টফোন নেই? গ্যাস এজেন্সিতে যোগাযোগ করুন
অনলাইনে e-KYC করতে সমস্যা হলে বা আপনার কাছে স্মার্টফোন না থাকলেও চিন্তার কারণ নেই। সেক্ষেত্রে সরাসরি নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটর বা LPG এজেন্সির অফিসে যেতে পারেন। সেখানে বায়োমেট্রিক মেশিনের সাহায্যে পরিচয় যাচাই করা হবে। প্রয়োজন অনুযায়ী আঙুলের ছাপ অথবা আইরিস স্ক্যান ব্যবহার করে e-KYC সম্পূর্ণ করা যাবে।
কোনও সমস্যা হলে কী করবেন?
অনলাইনে e-KYC করতে গিয়ে সমস্যা হলে নিকটবর্তী LPG ডিস্ট্রিবিউটর বা গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে ১৮০০ ২৩৩৩ ৫৫৫ নম্বরে ফোন করেও সহায়তা নেওয়া যেতে পারে।












