বৃষ্টির মধ্যে ট্রেনের দরজা খোলা থাকবে না বন্ধ। এই নিয়ে বচসা দুই যাত্রীর মধ্যে। এই বচসাই গড়াল হাতাহাতিতে। সেই থেকে একেবারে খুন! মুম্বইয়ের (Mumbai) এক চলন্ত লোকাল ট্রেনের প্রথম শ্রেণির কামরায় সহযাত্রীর ছুরির আঘাতে মৃত্যু হল ২২ বছরের যুবক মায়াঙ্ক লোহারের। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Mumbai Local Train)।
এই গোটা ঘটনাই ক্যামেরবন্দি করছিলেন ট্রেনের আরও এক যাত্রী। সেই ভিডিয়োই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কালো টিশার্ট পরা এক যুবক হাতে রক্ত মাখা একটি ছুরি নিয়ে এগিয়ে আসছেন। ট্রেনের ভিতরের অন্যান্য যাত্রীদের বলতে শোনা যাচ্ছে, “ওকে মেরে দিলে, আরে মেরে দিল ছেলেটাকে।” এই ঘটনার পরই অভিযুক্ত ওই যুবকের দিকে কেউ এগোনোর সাহসটুকুও পাননি (Mumbai Local Train)।
সূত্রের খবর, দরজা বন্ধ করা নিয়ে দুই যাত্রীর মধ্যে বচসা এতটাই বেড়ে গিয়েছিল যে, কিছু যাত্রী ধৃত যুবক রোশন সুবর্ণকে হেনস্থা করতে শুরু করেন। সেইসময়েই রাগের বশে ব্যাগ থেকে ধারাল অস্ত্র বের করে রোশন। সামনে থাকা মায়াঙ্কের উপর ঝাঁপিয়ে পড়ে কোপাতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় ছটফট করতে করতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়াঙ্কের। এরপরেই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাঁকে মুম্বইয়ের কুরলি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ছেলের এই অকাল মৃত্যুতে শোকাহত পরিবার। মায়াঙ্কের পরিবার জানিয়েছে, “রাত সাড়ে ১০টার সময় ঘটনাটা হয়েছে। ট্রেনে কি যাত্রীরা ছিলেন না? আমরা বিচার চাই। অভিযুক্তকে ফাঁসি দিতে হবে।”
আরও পড়ুন: মুম্বইয়ে মৌসুমীর তাণ্ডব! ২৪ ঘণ্টায় ৩০০ মিমি বৃষ্টি, জলে ভাসছে দাদর-আন্ধেরি, জারি লাল সতর্কতা
ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করে পুলিশ। রোশন কেন মায়াঙ্ককে খুন করল? শুধু কী ট্রেনের দরজা খোলা-বন্ধই কারণ নাকি এর পিছনে অন্য কোনও বড় কারণ রয়েছে। সবটাই খতিয়ে দেখছে তদন্তকারীরা।










