রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Puri Jagannath Temple: জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, বাড়ানো হলো নিরাপত্তা

puri jagannath temple
---Advertisement---

পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে বোমা হামলার হুমকিতে নতুন করে আতঙ্ক ছড়াল। দ্বাদশ শতকের এই ঐতিহাসিক মন্দিরকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট সামনে আসতেই বুধবার থেকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা (Puri Jagannath Temple)। প্রতিদিন লক্ষাধিক ভক্তের সমাগম হওয়া এই তীর্থক্ষেত্রে কোনও ঝুঁকি না নিতেই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্টে জগন্নাথ মন্দিরে বোমা হামলার হুমকি দেওয়া হয়। একই পোস্টে হুমকি দেওয়া হয়েছিল বিজেডি রাজ্যসভার সাংসদ সুবাসিস খুন্তিয়া এবং পুরীর একটি শপিং সেন্টারকেও। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সাইবার থানায় মামলা রুজু হয় এবং তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

যে মহিলার অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে, তিনি এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, অজ্ঞাত কেউ তাঁর নামে ভুয়ো ইউজার আইডি খুলে এই হুমকি দিয়েছে। সেই সূত্র ধরেই পুলিশ একজনকে হেফাজতে নিয়েছে।

হুমকির খবর ছড়িয়ে পড়তেই মন্দির চত্বরে বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড তল্লাশি শুরু করে। সিংহদ্বার-সহ চারটি প্রবেশপথে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকের পুলিশ ভিড়ের মধ্যে নজরদারি চালাচ্ছে। যদিও আপাতত ভক্তদের প্রবেশে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি, তবে প্রত্যেককে কঠোর তল্লাশির মধ্যে দিয়ে মন্দিরে ঢুকতে হচ্ছে।

পুরীর পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, জগন্নাথ ধামে আগে থেকেই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল। বোমা হুমকির পর তা আরও জোরদার করা হয়েছে। তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

উল্লেখ্য, এর আগেও গত বছরের জুলাই মাসে মন্দিরের দেওয়ালে হুমকি বার্তা লিখে আতঙ্ক ছড়ানো হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment