পুনেতে গ্রেফতার ধর্মগুরু রাধামোহন মিশ্র(Godman Arrest Pune)। দীর্ঘ ১৫ বছর ধরে এক মহিলাকে আটকে ব্ল্যাকমেইল করে সম্পত্তি হাতানোর অভিযোগে ধর্মগুরুকে গ্রেফতার পুনে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। নিজেকে ঈশ্বরের অবতার বলে দাবি করতেন তিনি। আর সেই অন্ধবিশ্বাসে ওই মহিলা ও তাঁর পরিবারকে ভয় দেখানোর অভিযোগ ধর্মগুরুর বিরুদ্ধে। এই ঘটনার তাঁর দুই সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ।
হরিয়ানার বাসিন্দা রাধামোহন মিশ্র(Godman Arrest Pune)। গত ৮ বছর আগে পুনেতে এসে বসবাস শুরু করেন। সেখানে ‘আধুনিক গুরুকুল’ নামে একটি আশ্রম গড়ে তোলেন। ২০১০ সালের দিকে তাঁর সহযোগী কানওয়াল নয়নের মাধ্যমে অভিযোগকারিণী ও তাঁর পরিবারের সঙ্গে রাধামোহন মিশ্রের পরিচয় হয়। নিজেকে “ঈশ্বরের পুনর্জন্ম বা অবতার” দাবি করতেন রাধামোহন। এই ক্ষমতার ভয় দেখিয়ে ওই পরিবারের ওপর মানসিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।
অভিযোগকারিণীর বক্তব্য, নানা বাহানায় তাঁকে আশ্রমে থাকতে বাধ্য করা হতো। ধীরে ধীরে তাঁকে তাঁর পরিবার ও স্বামীর থেকে আলাদা করে দেওয়া হয়। এমনকি, তাঁকে নিজের প্রস্রাবও পান করতে বাধ্য করতেন রাধামোহন। বিভিন্ন আপত্তিকর মুহূর্তের ভিডিয়োও তুলে রেখে তাঁকে ব্ল্যাকমেইল করা হতো বলে অভিযোগ। ভয় দেখিয়ে তাঁর সম্পত্তি ও টাকা রাধামোহন নিজের নামে করিয়ে নেন বলে অভিযোগ।
সূত্রের খবর, আশ্রমের ভিতর কঠোর নজরদারির মধ্যে দীর্ঘদিন ধরে বন্দি ছিলেন অভিযোগকারিণী। তবে ১৬ জুন সেখান থেকে পালাতে সক্ষম হন। আশ্রমের ভিতরে থাকা সিসিটিভিও ভেঙে দেন তিনি। পুনের খারাড়ি থানায় রাধামোহন মিশ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই পুনে পুলিশের একটি বিশেষ দল পুনের ওয়াঘোলির উবালের ওই বাংলোতে মাঝরাতে অভিযান চালায়। সেখানে একটি গোপন বাঙ্কারের সন্ধান পান। পুলিশ আশ্রম থেকে ১২ টি ল্যাপটপ, ১১ টি মোবাইল ফোন, ১৯ টি হার্ড ডিস্ক, অসংখ্য পেনড্রাইভ ও ক্যাসেট উদ্ধার করেছে। এছাড়াও নগদ ৬ লাখ টাকা ও সোনার গয়না ও মাদক দ্রব্য বাজেয়াপ্ত করেছে।












