থানা লক আপে বাবা ও ছেলেকে পিটিয়ে খুনের ঘটনায় ৯ জন পুলিশকর্মীর ফাঁসির সাজা তামিলনাড়ুর মাদুরাই (Madurai District Court) আদালতের। ২০২০ সালের জুন মাসে ঘটনাটি ঘটে। করোনা মোকাবিলায় সেসময় লকডাউন ঘোষণা করা হয়েছিল। লকডাউনের মধ্যে মোবাইলে দোকান খুলে রাখার অভিযোগে মাঝবয়সী বাবা পি জয়রাজ এবং যুবক ছেলে জে বেন্নিক্সকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ অনুযায়ী, পুলিশি লকআপে বাবা ও ছেলের ওপর দীর্ঘ সময় ধরে নির্মম অত্যাচার চালায় পুলিশ। অত্যাচারে গুরুতর জখম হলে, দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিনের মধ্যে মৃত্যু হয় তাদের।
ওই মামলায় অপরাধী ইনস্পেক্টর পদমর্যাদার এক আধিকারিক-সহ নয় পুলিশকে ফাঁসির সাজা ঘোষণা করল মাদুরাই আদালতের। আদালতের রায়ে বিষয়টিকে চরম নির্মমতা এবং ক্ষমতার অপব্যবহার বলা হয়েছে।
২০২০ সালের ওই ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন—সবাই পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। তদন্তের দায়িত্ব পায় সিবিআই। তদন্ত শেষে আদালতে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এরপর দীর্ঘদিন ধরে চলা বিচার প্রক্রিয়ার শেষে আদালত (Madurai District Court) জানায়, অভিযুক্ত পুলিশকর্মীরা পরিকল্পিতভাবে ওই বাবা ও ছেলেকে নির্যাতন করেছিল। বিচারক এই ঘটনাকে “বিরলতমের মধ্যে বিরল” হিসেবে উল্লেখ করেছেন, যার ফলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা নতুন নয়। তবে এ ধরনের কঠোর শাস্তি খুবই বিরল। এই রায়কে অনেকেই বিচারব্যবস্থার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, এই রায়, ভবিষ্যতে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।











