রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দেশের জার্সিকে বিদায়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর রাহানের

Published on: July 30, 2026
Ajinkya Rahane Retirement
---Advertisement---

ভারতীয় ক্রিকেটের এক অধ্যায়ের অবসান ঘটল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে। ৩৮ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিয়ো বার্তার মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দেশের হয়ে খেলার পর এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। (Ajinkya Rahane Retirement)

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রাহানের। ভারতের জার্সিতে তিনি খেলেছেন ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ২০টি টি-২০ ম্যাচ। জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে।

অবসরের ঘোষণায় রাহানে বলেন, জীবনের প্রতিটি অধ্যায়েরই যেমন শুরু রয়েছে, তেমনই একসময় তার শেষও আসে। তিনি সবসময় সঠিক সময়কে গুরুত্ব দিয়েছেন এবং এখন তাঁর মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়। ছোটবেলায় ডোম্বিভলি থেকে নিয়মিত অনুশীলনে যাওয়া, কঠোর পরিশ্রমের মাধ্যমে ভারতের হয়ে খেলার স্বপ্ন পূরণ—এই দীর্ঘ পথচলায় তিনি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন বলেও জানান।

রাহানের কথায়, দেশের জার্সি গায়ে চাপানোই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। নিজের চেয়ে সবসময় দেশ ও দলকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। গত দুই দশকে ভারতীয় ক্রিকেটের অংশ হতে পেরে তিনি গর্বিত বলেও উল্লেখ করেন। (Ajinkya Rahane Retirement)

ভারতের হয়ে রাহানের কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলির মধ্যে অন্যতম ২০২০-২১ সালের অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেডে ভারতের লজ্জাজনক হারের পর নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে মেলবোর্ন টেস্টে দলের নেতৃত্ব দেন তিনি। তাঁর নেতৃত্বেই ভারত ঐতিহাসিক জয় তুলে নেয় এবং পরে সিরিজ জিতে ইতিহাস গড়ে। বিদেশের মাটিতে একাধিক গুরুত্বপূর্ণ টেস্ট ইনিংসের পাশাপাশি সেই সিরিজে তাঁর নেতৃত্ব ও ব্যাটিং ভারতীয় ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শামির ভারত অধ্যায়-কি শেষ? নির্বাচকদের পরিকল্পনায় নেই অভিজ্ঞ বাঙালি পেসার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান না রাহানে। আগামী প্রজন্মের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে নিজের অভিজ্ঞতা, শিক্ষা ও মূল্যবোধ ভাগ করে নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

বিদায়ী বার্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), মুম্বই ক্রিকেট সংস্থা, সতীর্থ, কোচ, বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজি, পরিবার এবং অসংখ্য সমর্থকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাহানে। আবেগঘন বার্তার শেষে তিনি বলেন, মাঠে অনেক জয়-পরাজয়ের সাক্ষী থেকেছেন, কিন্তু সমর্থকদের হৃদয়ে তিনি কখনও পরাজিত হননি। (Ajinkya Rahane Retirement)

ভারতের টেস্ট ক্রিকেটের অন্যতম ভরসাযোগ্য ব্যাটারের আন্তর্জাতিক অধ্যায়ের এখানেই ইতি ঘটল। তবে তাঁর নেতৃত্ব, লড়াকু মানসিকতা এবং দেশের জন্য নিঃস্বার্থ অবদান ভারতীয় ক্রিকেটের ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “দেশের জার্সিকে বিদায়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর রাহানের”

Leave a Comment