বাংলা ফুটবলের আকাশে আরও এক নক্ষত্রপতন। বৃহস্পতিবার ভোররাত তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত ফুটবল কোচ মুরারি শুর (Murari Sur)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে বাংলা ফুটবল জগৎ। শ্যামনগরের এই কিংবদন্তি কোচকে হারিয়ে যেন ময়দানের এক যুগের অবসান হলো।
ফুটবলকে শুধু খেলা নয়, সাধনা হিসেবে দেখতেন মুরারি শুর। তাই বহু ফুটবলার ও ক্রীড়া সংগঠকের কাছে তিনি ছিলেন “ফুটবলের সাধক”। কলকাতার ময়দানে দীর্ঘ কয়েক দশক ধরে অসংখ্য প্রতিভাবান ফুটবলার গড়ে তুলেছেন তিনি। ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক সুব্রত ভট্টাচার্য থেকে শুরু করে রহিম নবি— একাধিক নামী ফুটবলারের পিছনে ছিল তাঁর কঠোর প্রশিক্ষণ ও অনুপ্রেরণা।
(Murari Sur) মুরারি শুর বিশ্বাস করতেন, একজন ভালো ফুটবলার তৈরি করতে গেলে শুধু দক্ষতা নয়, প্রয়োজন শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা। সেই কারণেই তাঁর কোচিংয়ে ফিটনেস, মৌলিক দক্ষতা এবং মাঠের আচরণের উপর বিশেষ জোর দেওয়া হত। তাঁর কাছে অনুশীলনে ফাঁকি দেওয়ার কোনও জায়গা ছিল না। কঠোর ছিলেন, কিন্তু সেই কঠোরতার মধ্যেই লুকিয়ে থাকত একজন অভিভাবকের স্নেহ।

কলকাতার বিভিন্ন ক্লাব ও ফুটবল অ্যাকাডেমির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। বহু তরুণ ফুটবলারের কাছে তিনি ছিলেন পথপ্রদর্শক। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কীভাবে একজন খেলোয়াড় নিজেকে তৈরি করতে পারে, সেই শিক্ষাই দিতেন মুরারি শুর। (Murari Sur) তাঁর প্রশিক্ষণে উঠে আসা অনেক ফুটবলার পরবর্তীকালে ভারতীয় ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
প্রাক্তন ফুটবলারদের অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে জানিয়েছেন, মুরারি শুর শুধু কোচ ছিলেন না, জীবনের শিক্ষকও ছিলেন। মাঠের বাইরেও খেলোয়াড়দের ব্যক্তিগত সমস্যা, মানসিক চাপ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি পরামর্শ দিতেন। তাঁর কাছে ফুটবল মানে ছিল চরিত্র গঠনেরও এক গুরুত্বপূর্ণ মাধ্যম।
(Murari Sur) তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন প্রাক্তন ও বর্তমান ফুটবলার, কোচ এবং ক্রীড়া সংগঠকেরা। অনেকেই জানিয়েছেন, আজকের দিনে এমন নিবেদিতপ্রাণ ও নিষ্ঠাবান কোচ খুব কমই দেখা যায়। বাংলা ফুটবলের ভিত মজবুত করতে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে মত ক্রীড়ামহলের।
শ্যামনগরের মাটি থেকে উঠে এসে বাংলা ফুটবলের ইতিহাসে নিজের নাম অমর করে গিয়েছেন মুরারি শুর। আজ তিনি নেই, কিন্তু তাঁর হাতে গড়ে ওঠা অসংখ্য ফুটবলারের সাফল্যের মধ্যেই বেঁচে থাকবেন তিনি। ময়দানের ঘাসে, ফুটবলের প্রতি ভালোবাসায় এবং নতুন প্রজন্মের স্বপ্নে চিরকাল ফিরে আসবেন এই কিংবদন্তি কোচ। ফুটবলের সাধক আজ তারার দেশে। বাংলা ফুটবল তাঁকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
ইউনিটি কাপের প্রথম ম্যাচেই জামাইকার সামনে ভারত, অঙ্ক আরও কঠিন?












1 thought on “শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়াজগৎ, প্রয়াত কিংবদন্তি কোচ মুরারি শুর”