ইউনিটি কাপের প্রথম ম্যাচেই বাঘের মুখে ভারত (India Football Team)। চার্লটনের দ্য ভ্যালি স্টেডিয়ামে খালিদ ব্রিগেডের প্রতিপক্ষ জামাইকা। ফিফা ক্রমতালিকায় ভারতের (১৩৬) চেয়ে অনেকটাই এগিয়ে তারা (৭১)। ইন্টার কনফেডারেশন প্লে-অফ ফাইনালে কঙ্গোর কাছে অপ্রত্যাশিতভাবে না হারলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশটি কোনও বাধা ছাড়াই বিশ্বকাপে পৌঁছে যেত। হতাশা কাটাতে ইউনিটি কাপ চ্যাম্পিয়ন হতে মরিয়া রুডলফ স্পেউডের দল। দীর্ঘ ২৪ বছর পরে ইংল্যারন্ডের মাটিতে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। পরীক্ষা কঠিন হলেও দলের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী ভারতের কোচ খালিদ জামিল।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে খালিদ বলেছেন, “আইএসএলের খেলা দেখেই আমরা ফুটবলার নির্বাচন করেছি। আমাদের দলে অনেক তরুণ ফুটবলার রয়েছে। যারা অনুশীলনে ভালো খেলবে, তারাই প্রথম একাদশে সুযোগ পাবে।” যোগ করেছেন, “জামাইকা কঠিন প্রতিপক্ষ। ফলে আমাদের সতর্ক হয়ে খেলতে হবে। মুহূর্তের ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে।” মোহনবাগান সুপার জায়ান্টের সাত ফুটবলার নাম সরিয়ে নেওয়ায় ১৭ জন নিয়ে খালিদ লন্ডনে পৌঁছেছিলেন। সোমবার দলের সঙ্গে যোগ দেন গোলরক্ষক হৃতিক তিওয়ারি। মঙ্গলবার শিবিরে যোগ দিয়েছেন মিডফিল্ডার ম্যা কার্টন নিকসন এবং ডিফেন্ডার নিখিল বার্লা। তবে যাবতীয় নজর থাকবে ভারতীয় বংশোদ্ভুত রায়ান উইলিয়ামসের দিকে।
ইস্টবেঙ্গলের জার্সিতে সদ্য আইএসএল জিতেছেন এডমুন্ড লালরিনডিকা। তিনি বলেছেন, “আমাদের অন্যর রকম অভিজ্ঞতা হতে চলেছে। শক্তিশালী দলের মুখোমুখি হওয়ায় আমরা নিজেদের মাপকাঠি নির্ধারণ করতে পারব। নিজেদের সেরাটা দিয়ে ইতিবাচক ফল পেতে মরিয়া।”
অন্যদিকে মার্চে বিশ্বকাপের যোগ্যেতা অর্জনের প্লে-অফে কঙ্গোর বিরুদ্ধে হারতে হয়েছিল উসেইন বোল্টের দেশকে। তারা এই প্রতিযোগিতায় আসছে একেবারে তরুণ ফুটবলারদের নিয়ে, যাদের গড় বয়স ২২.৮ বছর। জামাইকার কোচ রুডল্ফ স্পেইদ বলেছেন, “ক্লাব ফুটবলের ঠাসা ক্রীড়াসূচিতে সিনিয়র ফুটবলাররা ক্লান্ত। তাই তাদের বিশ্রাম দিয়েই দল গড়া হয়েছে। তারুণ্যে র উপরে জোর দেওয়া হয়েছে, যাতে এই ফুটবলাররা আরও অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে। আমরা আত্মবিশ্বাসী।”
এ দিকে লন্ডনে খেলার পরেই ৩১ মে দল নিয়ে তাজিকিস্তান চলে যাবেন খালিদ। ফিফা উইন্ডোয় সেখানে ৫ ও ৯ জুন তাজিকিস্তানের মুখোমুখি হবেন রায়ান উইলিয়ামসরা। বুধবার ম্যাচ শুরু ভারতীয় সময় রাত ১২টায়। সম্প্রচার ফ্যানকোডে।











