২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই মরশুমে ISL চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। ঐতিহাসিক সাফল্যের পর সমর্থকদের আশা ছিল, আগামী মরশুমের পরিকল্পনা ও দল গঠন নিয়ে পরিষ্কার বার্তা মিলবে ক্লাব কর্তাদের কাছ থেকে। বিশেষ করে হেড কোচ অস্কার ব্রুজ়োর ভবিষ্যৎ এবং বিদেশি ফুটবলারদের চুক্তি নিয়ে বৃহস্পতিবার ইমামি হাউসে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ের দিকে নজর ছিল সকলের। কিন্তু বৈঠক শেষে সেই জট কাটার বদলে আরও বেড়েছে অনিশ্চয়তা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইমামি হাউসে ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন ক্লাব ও ইমামি গোষ্ঠীর শীর্ষকর্তারা। বৈঠকের মূল আলোচ্য ছিল ISL জয়ের পর আগামী মরশুমের রূপরেখা, AFC প্রতিযোগিতার প্রস্তুতি এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা। তবে কোচ অস্কার ব্রুজ়োকে ঘিরে তৈরি হওয়া জল্পনার কোনও স্পষ্ট উত্তর মেলেনি।
(East Bengal FC) ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বৈঠক শেষে বলেন, “আমরা ISL জিতেছি, সেটা উদযাপনের জন্যই বোর্ডের সদস্যরা এক হয়েছিলাম। সামনে AFC কাপ রয়েছে। সেখানে ভালো ফল করাই এখন প্রধান লক্ষ্য।” তবে অস্কার ব্রুজ়ো আগামী মরশুমেও দলের দায়িত্বে থাকবেন কি না, সেই প্রশ্নে সরাসরি উত্তর এড়িয়ে যান তিনি।
ক্লাব কর্তার বক্তব্যে স্পষ্ট, অস্কারের ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইমামির এক কর্তা বলেন, “ভালো দল পরিচালনার জন্য অবশ্যই ভালো কোচ প্রয়োজন। অস্কারকে নিয়ে আলোচনা চলছে। কিন্তু এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী মরশুমে ISL ঠিকভাবে আয়োজন হলে আমাদেরও পরিকল্পনা নিতে সুবিধা হবে।”
আরও পড়ুন: ইউনিটি কাপের প্রথম ম্যাচেই জামাইকার সামনে ভারত, অঙ্ক আরও কঠিন?
এই মন্তব্য থেকেই স্পষ্ট, শুধুমাত্র কোচ নয়, আগামী মরশুমে ISL আয়োজন নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। সেই কারণেই দল গঠন ও কোচিং স্টাফ নিয়ে এখনই চূড়ান্ত পথে হাঁটতে চাইছে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।
বোর্ড মিটিংয়ে বিদেশি ফুটবলারদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ইউসেফ এজ়েজারি, মিগুয়েল, রশিদদের মতো গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলাররা আগামী মরশুমে থাকবেন কি না, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। (East Bengal FC) ক্লাব সূত্রে খবর, বেশ কয়েকজন বিদেশির চুক্তি ও পারফরম্যান্স নিয়ে মূল্যায়ন চলছে। তবে এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি কর্তারা।
ইমামির এক কর্তা বলেন, “সব স্ট্র্যাটেজি এখনই প্রকাশ করা ঠিক নয়। যেমন ম্যাচের আগে ক্লোজ়ড ডোর প্র্যাকটিসের সব কিছু বাইরে বলা হয় না প্লেয়াররা কিভাবে প্র্যাকটিস করছে, তেমনই দল গঠন নিয়েও সময় মতো সিদ্ধান্ত জানানো হবে।”
ISL জয়ের উচ্ছ্বাস এখনও কাটেনি (East Bengal FC) লাল-হলুদ শিবিরে। কিন্তু তার মধ্যেই কোচ ও বিদেশিদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এখন দেখার, AFC অভিযানের আগে ইমামি ইস্টবেঙ্গল কবে আনুষ্ঠানিকভাবে নিজেদের পরবর্তী পরিকল্পনা সামনে আনে।
আরও পড়ুন: TV নয়, YouTube-এ ফ্রিতে দেখা যাবে বিশ্বকাপ, কীভাবে দেখবেন?












1 thought on “ইস্টবেঙ্গলেই থাকছেন অস্কার? কী হলো ইমামি-ইস্টবেঙ্গল বৈঠকে?”