এশিয়ান গেমসে লড়াইয়ের জন্য জাপানে পা রাখলেও তা হয়নি। ইভেন্টে নামার আগেই শেষ হয়ে গিয়েছিল ভারতের MMA ফাইটার বরুণ সান্যালের অভিযান। পুরুষদের ৭৭ কেজি ট্র্যাডিশনাল ক্যাটিগরির বাউটের ঠিক আগে ক্রুজ়ের সনায় ওজন কমাতে গিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। সেই ট্র্যাজেডির চব্বিশ ঘণ্টা পর সোমবার সংবাদসংস্থা PTI-এর মুখোমুখি হয়ে বিস্ফোরক বয়ান দিলেন ২৭ বছর বয়সি এই ফাইটার। একা একা সনায় গিয়ে ওজন কমানোকে বড় ভুল হিসেবে স্বীকার করে নিলেও ফেডারেশনের অপেশাদারিত্বের দিকেই সরাসরি আঙুল তুলেছেন তিনি (Indian Varun Sanyal)।
Indian Varun Sanyal: অব্যবস্থার শিকার বরুণ
সংবাদসংস্থাকে দেওয়া প্রতিক্রিয়ায় ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে বরুণ (Indian Varun Sanyal) বলেন, “আমাকে মাত্র দুই সপ্তাহের নোটিশে এখানে পাঠানো হয়েছিল। দলে সুযোগ পাওয়ার খবরটাই অনেক দেরিতে পেয়েছিলাম। নাগোয়ায় পৌঁছে আবাসনের জটিলতা সামলাতে হয়েছে, আর তার ওপর সম্পূর্ণ একা একা আমাকে ওজন কমানোর লড়াইটা চালাতে হয়েছিল। এখন পেছন ফিরে তাকালে মনে হয়, একা একা এই কাজ করতে যাওয়াটা আমার চরম বোকামি ছিল। কিন্তু সত্যি বলতে কী আমার সামনে অন্য কোনও বিকল্প ছিল না। আমি চাই দেশের মানুষ প্রশ্ন তুলুক—দেশের হয়ে লড়তে গিয়ে কেন আমি ওখানে একা ছিলাম?”
ঘটনার দিন রবিবার রাতে ওজন ঠিক রাখতে ক্রুজের সানায় অতিরিক্ত ঘাম ঝরাতে গিয়ে চরম অবসাদ ও জলশূন্যতায় অজ্ঞান হয়ে পড়েন তিনি। সৌভাগ্যবশত সেই সময় এক নেপালি ক্রীড়াবিদ বরুণকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে সবাইকে ডেকে তোলেন। এরপর MMA স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি নিখিল কুন্দেরের হস্তক্ষেপে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় এবং রাত তিনটেয় তিনি ক্রুজ়ে ফেরেন। রক্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক থাকলেও চিকিৎসকরা তাঁকে ‘মেডিক্যালি আনফিট’ ঘোষণা করেন, ফলে তিনি আর নামতে পারেননি।
কাঠগড়ায় ফেডারেশন
অথচ এই বিপর্যয়ের ভিত তৈরি হয়েছিল অনেক আগেই। গত জানুয়ারিতে গেমসের যোগ্যতা অর্জন করলেও ফেডারেশনের অভ্যন্তরীণ সমস্যার জন্য কোনও নিশ্চয়তা পাননি বরুণ। বাধ্য হয়ে পেশাদার ফাইটের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। মে মাসে উজ়বেকিস্তানের ট্রায়ালে অংশ নেওয়া অন্য ভারতীয় অ্যাথলিট পর্যাপ্ত এশিয়ান র্যাঙ্কিং না পাওয়ায় তালিকার চার নম্বরে থাকা বরুণকে ২ সেপ্টেম্বর হঠাৎ দলে ঢোকানো হয়।
সবচেয়ে বড় ধাক্কা ছিল দলের পরিকাঠামোয়। নাগোয়ায় ভারতের MMA দলে কেবল ছিলেন বরুণ ও সুচিকা তারিয়াল; কিন্তু তাঁদের সঙ্গে কোনও সাপোর্ট স্টাফ, ডাক্তার বা ট্রেনার পাঠানো হয়নি। কোনও বিশেষজ্ঞের তত্ত্বাবধান ছাড়া একজন অ্যাথলিটকে ওজন কমানোর মুখে ঠেলে দেওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে ক্রীড়া প্রশাসন।
লড়াই না করতে পারার হতাশা থাকলেও সুচিকা তারিয়ালের ঐতিহাসিক ব্রোঞ্জ পদকে গর্বিত বরুণ। তবে তাঁর এই করুণ পরিণতি স্পষ্ট করে দিল যে মাঠের পদকের স্বপ্ন বড় করতে হলে আন্তর্জাতিক আসরে ভারতীয় অ্যাথলিটদের ন্যূনতম লজিস্টিক্যাল ও মেডিকেল ব্যাক-আপ নিশ্চিত করা কতটা জরুরি।












1 thought on ““কেন একা গিয়েছিলাম জিজ্ঞাসা করুন,” ফেডারেশনের বিরুদ্ধে বিস্ফোরক ভারতের MMA ফাইটার বরুণ”
Comments are closed.