রাজ্যে ক্ষমতায় আসার পর শপথ নিয়েছিলেন বিগত কয়েক বছরে মজে যাওয়া শিল্পে গতি আনবেন। যেমন কথা, তেমন কাজ। এবার রাজ্যে শিল্পে বিনিয়োগ নিয়ে আম্বানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক সেরে ফেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাতে মুম্বইয়ের ‘অ্যান্টিলিয়া’য় পৌঁছান বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে সারেন তিনি। ‘অ্যান্টিলিয়া’-তে পৌঁছতেই মুখ্যমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানান রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ও তাঁর ছেলে অনন্ত আম্বানি। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে শিল্প ভাবনা নিয়ে আশাবাদী রিলায়েন্স গোষ্ঠী (Suvendu Adhikari)।
Suvendu Adhikari: আম্বানিকে মা কালীর মূর্তি উপহার দিলেন মুখ্যমন্ত্রী
সোমবার মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলিয়া-তে মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক সারেন তিনি। ইতিমধ্যেই আম্বানির সঙ্গে শুভেন্দুর সাক্ষাতের ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবিতে মুকেশ আম্বানি ও তাঁর ছেলে অনন্ত আম্বানির সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের মুহূর্ত ধরা পড়েছে। এমনকি সেই ছবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আম্বানির হাতে কালীঘাটের মা কালীর মূর্তি তুলে দেওয়ার মুহুর্তও ধরা পড়েছে।
কী কী নিয়ে আলোচনা?
এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, “গতকাল বিখ্যাত শিল্পপতি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিজির সঙ্গে মুম্বইয়ে দেখা করেছি। সেখানে গণেশকে প্রার্থনা জানানোর সুযোগ হয়েছে। দেশবাসীর সুখ শান্তি কামনা করে আশীর্বাদ চেয়েছি। মা কালীর বিশেষ একটি মূর্তি আমি তাঁদের হাতে তুলে দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”
তিনি আরও বলেন, “সৌহার্দ্যপূর্ণ আলোচনায় পশ্চিমবঙ্গে শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান তৈরির বিপুল সম্ভাবনা নিয়েও আমাদের মধ্যে মতবিনিময় হয়েছে। যুবসমাজের উন্নতিতে এবং রাজ্যের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পুনরুত্থানে গতি আনবে-এমন দূরদর্শী বিনিয়োগকে স্বাগত জানাতে পশ্চিমবঙ্গ প্রস্তুত।” মুখ্যমন্ত্রীর এই পোস্ট রাজ্যে শিল্পক্ষেত্রে বিনিয়োগের পথ দেখাচ্ছে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।










