আইপিএল ২০২৬-এর লিগ পর্বের শেষ দিনেই সমাধান হয়ে গেল প্লে-অফের জটিল অঙ্কের। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে শেষ পর্যন্ত চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিল রাজস্থান রয়্যালস। আর সেই সঙ্গে এক ধাক্কায় শেষ হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের এবছরের আইপিএল সফর।
এর আগেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। বাকি ছিল মাত্র একটি আসন। সেই জায়গা নিয়েই লড়াই চলছিল রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। তবে শেষ দিনের সমীকরণ ছিল যথেষ্ট জটিল। (IPL 2026)
শনিবার লিগের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছিল পাঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স আইয়ারের দুরন্ত শতরানের পর আশা দেখছিল পাঞ্জাব সমর্থকেরাও। ১৪ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে পাঞ্জাব তখন তাকিয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দিকে। কারণ ছিল, আজ যদি রাজস্থান হারত তাহলে প্লে-অফে জায়গা প্রায় পাকা হয়ে যেত পাঞ্জাবের। সেই সঙ্গে শেষ মুহূর্তে কোনও এক চমৎকারের আশা করছিল কেকেআরও।

তবে শেষ হাসি হাসলো গোলাপি শিবিরই। রবিবার দুপুরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা অস্ত্র জশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় দল। আর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগায় রাজস্থান রয়্যালস।
যদিও শুরুটা খুব একটা ভালো হয়নি রাজস্থানের। এদিন ব্যাটে তেমন রান পাননি রাজস্থানের ‘আশ্চর্য বালক’ বৈভব সূর্যবংশী। যশস্বী জয়সওয়াল শক্ত হাতে হাল ধরেছিলেন তবে বেশিক্ষণ টিকতে থাকতে পারলেন না। তবে চাপের ম্যাচে রাজস্থানকে বাঁচিয়ে দিল মিডল অর্ডার ব্যাটিং। যার ফলে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে আরআর। (IPL 2026)
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খেতে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। এদিনও বিনা রানেই ডাগ আউটে ফেরেন রোহিত। জোফ্রা আর্চারের ঝোড়ো বোলিংয়ের দাপটে মুম্বইয়ের তারকাখচিত ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৫ রানেই থেমে যায় হার্দিকদের ইনিংস। ফলে ৩০ রানে ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নেয় রাজস্থান রয়্যালস।
রাজস্থানের এই জয়ের ফলে এক মুহূর্তেই শেষ হয়ে যায় পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের স্বপ্ন। মরশুমের শুরুতে দুরন্ত ছন্দে থাকলেও মাঝপথে টানা হার পাঞ্জাবকে পিছিয়ে দেয়।
অন্যদিকে কেকেআর কামব্যাক করে শেষ পর্যন্ত লড়াই চালালেও অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করে থাকার মাশুল দিতে হলো তাদেরও। যদিও আজই ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে মরশুমের শেষ ম্যাচ খেলতে নেমেছিল নাইট শিবির। তবে এই ম্যাচ ৪০ রানে জিতে সফর শেষ করলো কে এল রাহুলেরা। (IPL 2026)

আজ রাজস্থানের জয়ের সঙ্গেই চূড়ান্ত হয়ে গেল আইপিএল ২০২৬-এর প্লে অফের শেষ চার দল। ইতিমধ্যে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে গুজরাত টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। তাদেরও পয়েন্ট ১৮। আর চতুর্থ স্থানে ১৬ পয়েন্ট নিয়ে পৌঁছালো রাজস্থান রয়্যালস।
আগামী ২৬ মে , মঙ্গলবার কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি হবে আরসিবি ও গুজরাত টাইটান্স। অন্যদিকে এলিমিনেটরে লড়বে সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস। এরপর কোয়ালিফায়ার-১-এর পরাজিত দল এবং এলিমিনেটরের জয়ী দল খেলবে কোয়ালিফায়ার-২। সেই ম্যাচেই ঠিক হবে ফাইনালে কোন দুই দল উঠবে।












1 thought on “রাজস্থানের জয়েই প্লে-অফের স্বপ্নভঙ্গ KKR-এর, প্লেঅফের ছবিটা কেমন?”