রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সম্মানের ডার্বিতে বদলার আগুন, তারকা-সম্ভার নিয়ে তৈরি মোহনবাগান

Published on: September 6, 2026
MohunBagan Super Giants
---Advertisement---

নিয়মরক্ষার ম্যাচ হলেও কলকাতা ডার্বির উত্তাপ কখনও নিয়ম মানে না। সোমবার বারাসত স্টেডিয়ামে কলকাতা লিগের ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। বিকেল পাঁচটায় শুরু ম্যাচ। পয়েন্ট টেবিলে এই ম্যাচের ফলাফলের কোনও প্রভাব পড়বে না ঠিকই, কিন্তু ডার্বির সম্মান যে দুই দলের কাছেই বড়, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তার উপর সাম্প্রতিক ডুরান্ড কাপের ডার্বিতে ৪-১ গোলে হারের স্মৃতি রয়েছে মোহনবাগানের। ফলে এই ম্যাচকে ঘিরে সবুজ-মেরুন শিবিরে বদলার আবহ তৈরি হয়েছে।

সমর্থকদের একাংশও সেই আগুনে ঘি ঢালার চেষ্টা করছেন। তবে ফুটবলাররা কতটা সেই আবেগে তাতছেন, তা মাঠে নামার আগে বলা কঠিন। প্র্যাকটিস শেষে এক সমর্থক যখন চিৎকার করে ‘বদলা, বদলা’ বলতে থাকেন, তখন ছাঙতের মুখে মজার প্রশ্ন—‘বাচ্চো কে সাথ?’

Mohunbagan Super Giants: ম্যাচের আগে শেষ প্রস্তুতি

সোমবার বিকেল পাঁচটায় ম্যাচ। তাই তার আগের দিন, রবিবারও ঠিক ম্যাচের সময়েই অনুশীলন করল মোহনবাগান। ইস্টবেঙ্গলের মতো শুধু কলকাতা লিগের দলের উপর দায়িত্ব ছেড়ে দেয়নি সবুজ-মেরুন শিবির। বরং হেড কোচ দিলিমপেরিস নিজেই গত পাঁচ-ছয় দিন ধরে লিগের দলের প্রস্তুতিতে নজর রাখছেন।

বাস্তব রায় ডাগআউটে থাকলেও দলের মূল দায়িত্ব এখন দিলিমপেরিসের হাতেই। রবিবারও আইএসএলের দলের অনুশীলনের পাশাপাশি কলকাতা লিগের ডার্বির প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন তিনি। ফলে বড় ম্যাচের আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না মোহনবাগান।

তারকাদের নিয়েই ডার্বির ছক

ইস্টবেঙ্গল যেখানে সিনিয়র দলের ফুটবলারদের এই ডার্বিতে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে, সেখানে মোহনবাগান বেশ কিছু পরিচিত মুখকে রেখেই দল সাজাচ্ছে। মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, আপুইয়া এবং ছাঙতের মতো ফুটবলাররা রয়েছেন ডার্বির পরিকল্পনায়। সঙ্গে রয়েছেন সুহেল বাট, কিয়ান নাসিরি এবং শুভাশিস বসুও।

অর্থাৎ ডুরান্ড কাপের ফাইনালের ডার্বিতে ৪-১ গোলে হারের পর কলকাতা লিগের ডার্বিতে পাল্টা জবাব দেওয়ার জন্য যে সবুজ-মেরুন শিবির মরিয়া, তার ইঙ্গিত প্রস্তুতিতেই স্পষ্ট। রবিবারের অনুশীলনে অবশ্য আইএসএল দলের বিশাল কাইথ ও জেমি ম্যাকলারেন ছিলেন না। বাকিরা ডার্বির প্রস্তুতিতেই ঘাম ঝরিয়েছেন। বিশেষ করে সেটপিস এবং নিজেদের মধ্যে বোঝাপড়ার উপর জোর দেওয়া হয়েছে।

সিনিয়রদের নয়, তরুণদের ভরসাতেই ডার্বি জয়ের চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের

নিয়মরক্ষার ম্যাচ, কিন্তু সম্মানের লড়াই

গ্রুপ ‘এ’-তে ভবানীপুর প্রথম, ইস্টবেঙ্গল দ্বিতীয় এবং মোহনবাগান সুপার জায়ান্ট তৃতীয় হয়ে ইতিমধ্যেই সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। তাই সোমবারের ডার্বির জয়-পরাজয় পয়েন্ট টেবিলের হিসাব বদলাবে না। (Mohunbagan Super Giants)

কিন্তু কলকাতা ডার্বির ক্ষেত্রে পয়েন্টের হিসাবই সব নয়। এখানে আছে সম্মান, মর্যাদা এবং সমর্থকদের আবেগ। তাই নিয়মরক্ষার ম্যাচ হলেও বারাসতে সোমবারের লড়াই যে মোটেই নিয়মরক্ষার মেজাজে হবে না, তার আভাস রবিবারের অনুশীলনেই মিলেছে। ডুরান্ডের ৪-১ হারের জবাব দিতে পারবে কি মোহনবাগান? উত্তর মিলবে সোমবার বিকেলেই।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “সম্মানের ডার্বিতে বদলার আগুন, তারকা-সম্ভার নিয়ে তৈরি মোহনবাগান”

Leave a Comment