আজ সেই মহারণ। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং উল্টোদিকে দুরন্ত ফর্মে থাকা স্পেন। এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। সেই উন্মাদনাই এবার দেখা গেল শিলিগুড়ির এক মিষ্টির দোকানেও। সেখানে বিকোচ্ছে আর্জেন্টিনা থিমের নানান মিষ্টি।
আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ওই দোকান মালিক বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে নিজের দোকানটিকে সাজিয়ে তুলেছেন আর্জেন্টিনার জার্সির পরিচিত আকাশি-সাদা রঙে। দোকানজুড়ে টাঙানো হয়েছে আর্জেন্টিনার পতাকা, বিশ্বকাপের নানা স্মরণীয় মুহূর্তের ছবি এবং ফুটবল তারকা দিয়েগো মারাদোনা থেকে লিওনেল মেসির একাধিক পোস্টার। (Argentina Theme Sweets)
তবে সবচেয়ে বড় আকর্ষণ দোকানের বিশেষ আর্জেন্টিনা-থিমের মিষ্টি। ল্যাংচা, রসগোল্লা ও সুইট রোল সবই তৈরি হয়েছে আকাশি-সাদা রঙের। বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেমীদের জন্য এই অভিনব উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে শিলিগুড়িবাসীর। এই মিষ্টিগুলির দামও রাখা হয়েছে সাধারণের সাধ্যের মধ্যে, মাত্র ২০ থেকে ২৫ টাকা। কেন হঠাৎ এমন ভাবনা?
দোকানের মালিক জানান, ছোট থেকেই তিনি আর্জেন্টিনা সমর্থক, মেসির ভক্ত। গতবারও যখন আর্জেন্টিনা ফাইনালে ওঠে তখনও তিনি এই নীল সাদা মিষ্টি বানিয়েছিলেন। তাই এবারের বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখেই আবার আগের রাত থেকেই শুরু হয়েছিল জোর প্রস্তুতি। টানা চার থেকে পাঁচ ঘণ্টা ধরে বিপুল পরিমাণে এই বিশেষ মিষ্টি তৈরি করা হয়েছে। (Argentina Theme Sweets)
বাজার কাঁপাচ্ছে ‘মিষ্টি মেসি’, বিশ্বকাপের আবহে তাক লাগালেন দুর্গাপুরের শিল্পী
সকাল হতেই দোকানে ভিড় জমাতে শুরু করেন আর্জেন্টিনা সমর্থকরা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে অনেকেই কিনে নিচ্ছেন আকাশি-সাদা রঙের এই বিশেষ মিষ্টি। মিষ্টি ব্যবসায়ী এই মেসি ভক্তের আশা গতবারের মতো এবারও কাপ উঠবে মেসির হাতেই।
ফুটবল বিশ্বকাপের উত্তেজনা যে শুধু মাঠেই সীমাবদ্ধ নয়, তা আরও একবার প্রমাণ করে দিল শিলিগুড়ির এই ব্যতিক্রমী উদ্যোগ। ফুটবলের আবেগ আর বাঙালির মিষ্টিপ্রেম- দুইয়ের মেলবন্ধনে বিশ্বকাপ ফাইনালের আগে যেন জমে উঠেছে উৎসবের আবহ। (Argentina Theme Sweets)










