এক টানা বৃষ্টি। বৃষ্টিতে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়ল বাংলাদেশ। ধস নামায় বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে মহিলা ও শিশু-সহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। এখনও চলছে উদ্ধারকাজ (Bangladesh Landslide)।
কক্সবাজার জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটানা প্রবল বৃষ্টির কারণে, রবিবার রাত ১টা থেকে ৩টে নাগাদ কক্সবাজারে ভূমি ধসের ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ওই ধসের ভিতর থেকে মোট ৭ জনের দেহ খুঁজে পান। এঁরা সকলেই শরণার্থী (Bangladesh Landslide)।
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে দুটি শিশুকে আহত অবস্থায় পাওয়া গিয়েছে। টানা বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা তীব্র স্রোতের কারণে পাহাড়ের ঢালের মাটি আলগা হয়ে যায়। যার কারণে অস্থায়ী ঘরবাড়ি ধসে পড়ে। সেই সময় ক্যাম্পগুলিতে শরণার্থী ঘুমোচ্ছিলেন। তাই বিপদ বুঝে সেখান থেকে বেরিয়ে আসার সময়টুকুও পাননি তাঁরা।
সরকারের শরণার্থী-কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন, শিবিরের যে সব জায়গায় পাহাড় ধসেছে, সেখানে রাখাইন থেকে আসা রোহিঙ্গারা পাহাড় কেটে গর্ত করে থাকছিলেন। আবহাওয়ার পূর্বাভাস দেখে গত কয়েক দিন ধরে তাঁদের সতর্ক করা হয়েছিল বলেও জানান তিনি। কিন্তু তাঁরা শোনেননি। তারপরও সেখানে বসবাস করছিলেন।
আরও পড়ুন :- খামেনেইয়ের অন্ত্যেষ্টিতে উপস্থিত ভারত, কৃতজ্ঞতা প্রকাশ ইরানের
আগামী দু’দিন বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ইউএনএইচসিআর (UNHCR)-এর তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে শরণার্থী শিবিরগুলোতে একইভাবে ভূমিধসের ঘটনায় ৩৬ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮৬ জন। প্রতিবেশী দেশ মায়নামার থেকে পালিয়ে আসা ১০ লক্ষেরও বেশি শরণার্থী বাংলাদেশের বিভিন্ন শিবিরে এসে বসবাস করছেন।










