শীতের আমেজের মধ্যেই ফের আবহাওয়ার ভোলবদলের ইঙ্গিত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আগামী ১৬ নভেম্বরের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ১৭ নভেম্বর আরও শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড় এবং ১৯ নভেম্বর নাগাদ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও পশ্চিমবঙ্গে সরাসরি আছড়ে পড়ার সম্ভাবনা আপাতত নেই, তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন হতে পারে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যেতে পারে। ফলে পশ্চিমবঙ্গে এর সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে পরোক্ষ প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। (Weather Update)
১৮ নভেম্বর থেকেই বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ নভেম্বর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতা। তবে ১৯ থেকে ২১ নভেম্বর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে ১৯ ও ২০ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনাতেও বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। (Weather Update)
কলকাতায় কমবে দিনের তাপমাত্রা?
আগামী ১৭ নভেম্বর পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। ১৮ নভেম্বর হালকা বৃষ্টি হতে পারে। এরপর ১৯ থেকে ২১ নভেম্বর আকাশ মূলত মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। তবে বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। (Weather Update)
উত্তরবঙ্গে কোথায় বৃষ্টির সম্ভাবনা?
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৫ ও ১৬ নভেম্বর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।সব মিলিয়ে বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক নজর রাখছে আবহাওয়া দপ্তর। সরাসরি বিপদের আশঙ্কা কম থাকলেও ১৯ থেকে ২১ নভেম্বর দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ কিছুটা বদলে যেতে পারে। (Weather Update)












